বার্ড ফ্লু সম্পর্কিত তথ্য বিনিময়ের মাধ্যমে দেশের প্লোট্রি শিল্পের হুমকি হ্রাস সম্ভব
প্লোট্রি খামারিসহ জনসাধারণের সচেতনতা সৃষ্টিতে বেসরকারি সংস্থাগুলোর মধ্যে বার্ড ফ্লু সম্পর্কিত তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।
ব্র্যাক অ্যাডভোকেসি এবং মানবাধিকার ইউনিট আয়োজিত ”বাংলাদেশের বার্ড ফ্লু’র পরিস্থিতি: এনজিও এবং নাগরিক সংগঠনের ভুমিকা” শীর্ষক সেমিনারে বৃহস্পতিবার বক্তারা এ কথা বলেন।
বিশেষজ্ঞরা দেশে বার্ড ফ্লু সম্পর্কিত নজরদারী শক্তিশালী ও চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করার জন্য পশুসম্পদ ও গণস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে নিবিড় সহযোগি সম্পর্ক জোরদার করার ওপর সরকারের প্রতি দাবি জানান।
সেমিনারে বক্তৃতা করেন ব্র্যাক কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল ডেভোলাপমেন্ট এন্ট্যারপ্রাইজ (আইডিই) আবাসিক প্রতিণিধি লোরেটা পেনি, বাংলাদেশ বার্ড ফ্লু প্রতিরোধ নাগরিক কমিটির আবু হাসান রুবেল, আইডিই’র বাকীউল ইসলাম, ডিনেট’র তাপসী সরকার, কেয়ার এবং অন্যান্য এনজিও কর্মকতা। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করে ব্র্যাক অ্যাডভোকেসি এবং মানবাধিকার ইউনিটের প্রধান আফসান চৌধুরী।
দেশে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা দুর্বল উল্লেখ করে আফসান চৌধুরী বলেন ক্ষুদ্র প্লোট্রি খামারিসহ এনজিওদের মধ্যেও বার্ড ফ্লু সম্পর্কিত তথ্য এবং তথ্য বিনিময়ের অভাব রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো তাদের কর্মকর্তাদের জন্য বার্ড ফ্লু সম্পর্কিত ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করছে। অথচ দেশের সাধারণ মানুষের এ ব্যবস্থা সম্পর্কে কোন ধারণা নেই।
ডা. মিজানুর রহমান বলেন, সরকারকে ব্র্যাক বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার আশংকাযুক্ত ৩৭টি জেলার ২৭৫টি স্থানের তালিকা দিয়েছে।
তিনি বলেন, প্লোট্র্রির জৈব নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে ৩৫ হাজার পোস্টার বিলি করা হয়েছে এবং বাংলাদেশ পশুসম্পদ গবেষনা কেন্দ্রকে বার্ড ফ্লু পরীক্ষার জন্য রিজেন্ট সরবরাহ করা হয়েছে।
লোরেটা পেনি বার্ড ফ্লু সম্পর্কিত এনজিও কর্মকান্ডগুলো আনুষ্ঠানিক ও সমন্বতি হওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকার ছাড়া কারো একার পক্ষেই এ সমস্যার সমাধান করা সম্ভব নয়।
আবু হাসান রুবেল সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি জানিয়ে বলেন, মহারাষ্ট্র সরকার সম্প্রতি প্রতিটি মুরগী হত্যার জন্য খামারিদের ৪০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
সরকার ইতোমধ্যে ২৯টি দেশ থেকে প্লোট্রিজাত সকল পন্য আমদানি নিষিদ্ধ করেছে।
