লালমনিরহাটে অবাধ গতিতে হুন্ডি ব্যবসা চলছে: সিএ্যান্ডএফ এজেন্ট জড়িত
লালমনিরহাটের পাঁচটি উপজেলায় বিশেষ করে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর এবং হাতিয়াবান্দা উপজেলায় অবাধে হুন্ডি ব্যবসা চলছে।
প্রতিদিন হুন্ডি ব্যবসার মাধ্যমে এখান থেকে ভারতে গড়ে দেড়কোটি টাকা পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কালীবাড়ী শহরের স্থানীয় এক হুন্ডি ব্যবসায়ী জানান, এক শ্রেণীর অসৎ পুলিশ কর্মকর্তাদের সহায়তায় লালমনিরহাট, হাতিয়াবান্দা এবং বুড়িমারী স্থলবন্দরের কিছু লোক হুন্ডি ব্যবসার মাধ্যমে রাতারাতি ধনী বনে গেছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, কালীবাড়ী এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর হুন্ডি ব্যবসার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। কালীবাড়ীতে শক্তিশালী একটি হুন্ডি ব্যবসায়ীদের সিন্ডিকেট রয়েছে। কালীবাড়ীর ধনী ব্যবসায়ীরা এই ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
লালমনিরহাটের অর্থনীতির বিষয়টি নিয়ন্ত্রিত হয় মুলত কিছু ব্যবসায়ীর মাধ্যমে। এসব ব্যবসায়ীদের সাথে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের ভাল সম্পর্ক রয়েছে।
এই জেলার কিছু লোকের বাড়ী এবং ব্যবসা পশ্চিমবঙ্গের দিনহাটা, সিতাই, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কুচবিহারে রয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের কতিপয় আমদানি এবং রপ্তানিকারকরা ব্যাংকের হয়রানি ও কর এড়ানোর জন্য হুন্ডি ব্যবসার মাধ্যমে ভারতে টাকা পাঠাতে পছন্দ করে।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ’র সভাপতি হাসানুজ্জামান হাসান পুরো হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার একটি নেটওয়ার্ক রয়েছে। পশ্চিমবঙ্গের হুন্ডি ব্যবসায়ীদের সাথে তার ভাল সম্পর্ক রয়েছে বলে অভিযোগে জানা যায়।
এ ব্যাপারে মোবাইলে হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার বলেন, হুন্ডি ব্যবসার সাথে কিছু তালিকাভুক্ত আমদানিকরক এবং রপ্তানিকারকরা জড়িত। তারা প্রভাবশালী হওয়ার কারণে হাসান তাদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি ভিত্তিতে যদি এই মূহুর্তে এই অবৈধ ব্যবসা বন্ধ করা না হয় তাহলে এ অঞ্চলের অর্থনীতিতে ধস নামবে।
