দুর্নীতি প্রশ্নে আরো কঠোর হচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক তার সদস্য দেশগুলোর দুর্নীতির ব্যাপারে আরো কঠোর অবস্থান নিতে যাচ্ছে।
দুর্নীতি নির্মূলে ব্যর্থ সদস্য দেশকে ঋণ ও তহবিল প্রদানের প্রতিশ্রুতি বাতিলের মাধ্যমে বিশ্বব্যাংক কঠোর হবে। বিশ্ব ব্যাংকের একটি সূত্র এখবর জানায়।
বিশ্বব্যাংকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ঋণ গ্রহণকারী সদস্য দেশগুলোর বিরুদ্ধে সাম্প্রতিককালে গৃহীত বেশকিছু কঠোর সিদ্ধান্ত দুর্নীতি প্রশ্নে বিশ্বব্যাংকের কঠোর অবস্থানকে আরো বেশি স্পষ্ট করে তুলেছে।
ওই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংক সম্প্রতি ভারত, বাংলাদেশ, চাদ, কেনিয়া, আর্জেন্টিনা ও কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রতিশ্রুত তহবিল প্রদান স্থগিত করার মত ব্যবস্থা নিয়েছে।
ওয়াশিংটন পোস্টে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির কারণে বিশ্বব্যাংক বাংলাদেশের ১৪টি সড়ক ঠিকাদারী বাতিল করে দেয়। দুই সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং ভবিষ্যতে বিশ্বব্যাংকের কাজের সাথে বেসরকারি প্রতিষ্ঠানের জড়িত হওয়ার পথ বন্ধ করতে বিশ্বব্যাংক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে।
মার্কিন দৈনিকটিতে বলা হয়, ভারত বিশ্বব্যাংকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য হলেও বিশ্বব্যাংক ইতোমধ্যে দেশটির স্বাস্থ্য খাতে প্রতিশ্রুত ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ স্থগিত করে দিয়েছে। দুর্নীতির কারণে কেনিয়ায় পাঁচটি ঋণ সহায়তা প্রদান স্থগিত করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, আফ্রিকার দেশ চাদে বিশ্বব্যাংক ঋণ প্রদান স্থগিত করেছে। আজেন্টিনাতেও একটি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি কঙ্গো প্রজাতন্ত্রকে ঋণ প্রদান স্থগিত করে দেওয়া হয়েছে, যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল বলেছে, দেশটির ঋণ সহায়তা পাওয়া উচিত।
বিশ্বব্যাংকের নতুন সভাপতি পল উলফোভিৎজ দুর্নীতি প্রশ্নে আরো কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছেন। তিনি তার দুর্নীতিবিরোধী কার্যক্রম শুধু বিশ্বব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে বৃহত্তর আন্দোলনে রূপ দেওয়ার পক্ষে কাজ করতে যাচ্ছেন। তার দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় যোগদান করতে উলফোভিৎজ শনিবার বেশকিছু আঞ্চলিক উন্নয়ন ব্যাংকের প্রধানদের প্রভাবিত করতে সক্ষম হয়েছেন।
বিশ্বব্যাংক জানিয়েছে, ধনী দেশগুলোর উন্নয়ন খরচ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এ অর্থ যথার্থভাবে খরচ করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।
