২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চাহিদার তুলনায় মাছের উৎপাদনে বছরে ঘাটতি ৫ হাজার টন

কুষ্টিয়ায় মাছের চাহিদার তুলনায় ঘাটতি বছরে পাঁচ হাজার টন। বছরে মাছের চাহিদা ১৮,২৪২ টন সেখানে মাছের উৎপাদন হচ্ছে ১২,৭২৪ টন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 11:22 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

প্রায় দুই হাজার খাল, বিল, হাওড়, বাওড়, পুকুর, দীঘি, ডোবা, নালা, নদ-নদী রয়েছে। মাছ চাষের জন্য কুষ্টিয়া জেলায় উজ্জল সম্ভাবনাময় ১৪,৮৩১টি পুকুর আছে যার আয়তন ২,১১৬ হেক্টর। এ সমস্ত পুকুরে সনাতন পদ্ধতিতে মাছ চাষ হয়ে থাকে।

কিছু কিছু আধা নিবিড় পদ্ধতিতে চাষ করা হয়। ৩৯টি বিল রয়েছে যার আয়তন ১,৪৩৭ হেক্টর। তিনটি বাওড় রয়েছে যার আয়তন ৯৬ হেক্টর ও আটটি নদী রয়েছে। এছাড়াও খাস পুকুর রয়েছে আটটি। এ সকল জায়গায় মাছ চাষের জন্য অনুকুল হওয়া সত্বেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে মাছ উৎপাদন বাড়ছে না।

জনসংখ্যা বৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় কুষ্টিয়া জেলায় মাছের চাহিদা দিন দিন বাড়লেও উৎপাদন বাড়ছে না। ফলে জেলার সকল হাট-বাজারে মাছের সংকট দেখা দিয়েছে।

জেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীদের সাথে কথা বলে জানা যায়, বেশিরভাগ চাষী মাছ চাষে অজ্ঞ। এ সমস্ত চাষীরা মাছের খাদ্য উৎপাদন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ সম্পর্কে কিছুই জানে না।

২০০১ সাল থেকে এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় ৫৮৪ জন চাষীকে পুকুরে মাছ চাষ সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

মৎস্য অফিস ও বেসরকারী মৎস্য চাষীদের মাধ্যমে জানা গেছে, সরকারীভাবে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি পোনা উৎপাদনে। তবে বেসরকারী হ্যাচারীতে যে পোনা উৎপাদন হয় তা অন্য জেলায় পাঠানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী জানান, জেলার মাঠ পর্যায়ে নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে চাষীদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য গড়ে তোলা হচ্ছে। এই কার্যক্রম সফল হলে জেলার প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।

এদিকে মৎস্য চাষী ও আড়তদাররা জানায়, ফাল্গুন-চৈত্র মাসে প্রায় ১৮ লাখ মাছ ধরা পড়ে। কিন্তু কোন হিমাগার না থাকায় মাছ পচে নষ্ট হয়ে যায়।

মৎস্য চাষী এবং আড়তদাররা জানায়, এই জেলায় বেশি মাছ উৎপাদনের জন্য একটি আধুনিক হিমাগার তৈরি করা প্রয়োজন।