খসড়া কয়লা নীতি ‘বেপরোয়া’: বিশেষজ্ঞ
বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলেছেন, দেশের খসড়া কয়লা নীতি ‘বেপরোয়া’। কেননা এতে অধিক উন্মুক্ত খনির মাধ্যমে বেশি পরিমাণে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তাছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ না করায় এ নীতিমালা দুর্বল হয়ে গেছে বলে তারা উল্লেখ করেন। তারা বলেন, এতে কেবল বিদেশী কোম্পানির স্বার্থ রক্ষা হবে।
বিষয়টি ব্যাখ্যা করে তারা বলেন, প্রস্তাবিত নীতিমালায় পণ্য বিনিময়, চাহিদা ও যোগান এবং অন্যান্য আইনি বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
খসড়া এ কয়লা নীতিতে খননের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় শতাংশ রয়্যালটি নির্ধারণ করায় তারা হতাশা ব্যক্ত করেন। তারা বলেন, এটি অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
ভূ-তত্ত্ববিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম বলেন, এ নীতিমালা খুবই উচ্চাকাঙ্খী এবং বেপরোয়া। কেননা এতে আগামী ২০ বছরে বার্ষিক ৪০ মিলিয়ন টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব বিবেচনা করতে আমাদের উচিত ফুলবাড়ী কয়লা খনিতে উন্মুক্ত খনি প্রকল্প স্থাপনের মাধ্যমে প্রথমে পরীক্ষণ করা।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান বলেন, প্রস্তাবিত এ কয়লা নীতির মাধ্যমে সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বরং, এশিয়া এনার্জির অর্থায়ণে তৈরি ফুলবাড়ী কয়লা খনিই একসময় দেশের জন্যে বোঝা হয়ে দাঁড়াবে।
অর্থনীতিবিদ এমএম আকাশ বলেন, জনগণের মৌলিক অধিকার খর্ব করে এবং ফুলবাড়ী কয়লা খনি থেকে তথাকথিত লাভের আশায় পরিবেশের ক্ষতি করে সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত হবে না।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্বালানি প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. এম শামসুল আলম বলেন, ফুলবাড়ী কয়লা খনি প্রকল্পে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করে আয় হবে ৪০ হাজার কোটি টাকা।
