এশিয়া এনার্জি’র ৪০ মিলিয়ন ডলার ব্যয়ে খুলনায় কয়লা জাহাজীকরণ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লিমিটেড ফুলবাড়ী কয়লা খনি থেকে প্রতি বছর আট মিলিয়ন টন কয়লা রপ্তানির জন্য খুলনায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি রিভার টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি লাই সোমবার খুলনায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।
তিনি বলেন, এশিয়া এনার্জি এ বিষয়ে তিনটি বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করছে। এগুলো হচ্ছে খুলনায় মংল বন্দর কর্তৃপক্ষের রেলহেড সাইট ব্যবহার করা অথবা শহরের উত্তর বা দক্ষিণ দিকে রূপসা নদীর উপর গ্রিন ফিল্ড সাইটে এই স্থাপনা নির্মাণ করা।
লাই বলেন, আমরা এ বিষয়ে জনগনের পরামর্শ নিচ্ছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে যথাযথ কর্তৃপক্ষের সাহায্যে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক সমীক্ষা পরিচালনা করবো।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমান, মংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সাংবাদিকরা ছাড়াও এশিয়া এনার্জির নির্বাহী পরিচালক বিল ম্যাকিনটোস এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এশিয়া এনার্জির ফুলবাড়ী কয়লাখনিতে প্রতিবছর ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করবে। এর মধ্যে আট মিলিয়ন টন কয়লা রপ্তানি হবে। প্রাথমিক ভাবে ফুলবাড়ী থেকে রেলের মাধ্যমে কয়লা খুলনায় নেয়া হবে। সেখান থেকে রিভার বার্জের মাধ্যমে আকরাম পয়েন্ট হয়ে সমূদ্রগামী জাহাজে কয়লা তোলা হবে।
কোম্পানি সূত্রে জানা যায়, সমুদ্রগামী বড় জাহাজ যাতে আকরাম পয়েন্টে পৌঁছাতে পারে সেজন্য ব্যাপক ভাবে ড্রেজিং করা হবে। এর ফলে বড় জাহাজ মংলা বন্দরে আসতে ও যেতে পারবে।
কর্মকর্তারা বলেন, এতে জাহাজে পণ্য পরিবহন আরো সাশ্রয়ী হবে যা মংলা ও খুলনাকে বিশ্ব বাণিজ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বন্দরে রূপান্তরিত করবে।
উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাক্ষেত্র বাস্তবায়নের জন্য ট্রাক ও অন্যান্য খনন যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি এশিয়া এনার্জি মংলা বন্দরও ব্যবহার করবে।
গ্যারি লাই জানান, এ কার্যক্রমের জন্য এখানে কয়েক হাজার নতুন স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়াও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় মংলা- খুলনা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের একটি নতুন সমৃদ্ধশালী পরিবহন করিডোর হিসেবে আবির্ভূত হবে।
ফুলবাড়ী কয়লাক্ষেত্রের জন্য এশিয়া এনার্জি খনি উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাব্যতা জরিপ সরকারের কাছে জমা দিয়েছে এবং এ ব্যাপারে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে। ২০০৮ সালে প্রথম কয়লা উত্তোলন করা যাবে এবং ২০১৩ সালের মধ্যে বার্ষিক উৎপাদন ১৫ মিলিয়ন টনে পৌঁছবে।
