খসড়া কয়লা নীতিতে লিজের মাধ্যমে ৫ - ৬ শতাংশ রয়্যালটি পরিশোধের প্রস্তাব
বেসরকারি বিশেষজ্ঞ কমিটির তৈরি খসড়া কয়লা নীতিতে খননের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় শতাংশ রয়্যালটি লিজের মাধ্যমে পরিশোধ করার প্রস্তাব করা হয়েছে।
খসড়ার বলা হয়, স্থানীয়ভাবে কয়লা ব্যবহারের ক্ষেত্রে কেবল রয়্যালটি হার নির্ধারণ করা আছে। সেক্ষেত্রে উন্মুক্ত খনির জন্যে ছয় শতাংশ এবং ভূগর্ভস্থ খনির জন্যে পাঁচ শতাংশ হার নির্ধারণ করা হয়েছে।
নগরীর আইডিবি ভবনে রোববার পেট্রোবাংলার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে খসড়া কমিটি বিশেষজ্ঞরা এ তথ্য প্রকাশ করেন।
চলতি বছরের মার্চের মধ্যেই এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।
খসড়া এ নীতিমালা তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন সেন্টার (আইআইএফসি)।
খসড়ায় বলা হয়, জাতীয় কয়লা নীতিমালা নির্দিষ্ট কোনও কোম্পানির জন্যে বা খনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে কখনও কাজ করবে না।
বিশেষজ্ঞরা বলেন, খসড়ায় পদ্ধতি পছন্দ করার ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। তবে তারা বলেন, ফুলবাড়ী কয়লা খনি উন্মুক্ত খনির আওতায় পড়ে।
পরিবেশ বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, ভবিষ্যতের কয়লা খনি থেকে আশানুরূপ ফলাফল পেতে এ নীতিমালাকে স্থানীয় পর্যবেক্ষণ কৌশলের সাথে সমন্বয় করতে হবে।
পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে তারা বলেন, দেশের ভূমি অধিকরণ আইন পর্যালোচনা করে একবারেই পুরো ক্ষতিপূরণ প্রদান করা উচিত।
আইআইসিএফ’র প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগামী ২০ বছরে বার্ষিক ৪০ মিলিয়ন টন কয়লা উত্তোলন এবং কয়লা থেকে ৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। দেশের বর্তমান উত্তোলনযোগ্য কয়লা সম্পদ বিবেচনা করে আগামী ৫০ বছর পর্যন্ত উত্তোলন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পেট্রোবাংলার সিনিয়র মহাব্যবস্থাপক মকবুল-ই-এলাহী বলেন, চলমান বিদ্যুৎ সংকট নিরসনে এবং ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে গ্যাসের পাশাপাশি কয়লার ওপর নির্ভরতা বাড়ানোর কোনও বিকল্প নেই।
নীতিমালা অনুযায়ী কয়লা জোন পর্যালোচনা করা হবে এবং এ অঞ্চলের পুরো আর্থ-সামাজিক কাঠামো বিবেচনা করা হবে।
