২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও’র ফলাফল আলোচনায় চলতি সপ্তাহে একত্রে বসবে সরকারি, বিরোধী পক্ষ

হংকংয়ে ডব্লিউটিও চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দেশের ভবিষ্যত বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যাপারে নীতিমালা ঠিক করতে চলতি সপ্তাহেই সরকার ও বিরোধী দল সমর্থক বেসরকারি খাতের নেতৃবৃন্দ ও রাজনীতিবিদরা একত্রে বসতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

রফিক জামান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বুধবার ‘ডব্লিউটিও হংকং ঘোষণায় ৯৭% থেকে ৩% এবং বাংলাদেশের প্রাপ্তি’ শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করবে।

ডব্লিউটিও হংকং চুক্তির পর দেশের অবস্থান কি পর্যায়ে আছে তা নিরূপণ করতে ক্ষমতাসীন এবং বিরোধী দলীয় নেতারা এখনও কোনও বৈঠক করেননি। হংকংয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বাজারে টেক্সটাইল পণ্য প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে বাদ দেওয়া হয়।

তিনি বলেন, বর্তমান ও সাবেক বাণিজ্য মন্ত্রীসহ বড় দু’টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বিদেশী কূটনীতিক, উদ্যোক্তা এবং বিভিন্ন চেম্বার ও সংগঠনের নেতৃবৃন্দ এ সেমিনারে অংশ নেবেন।

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী মহিউদ্দিন আহাম্মেদ, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জুডিথ চামাস এ সেমিনারে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিজিএমইএ সাবেক সভাপতি আনিসুল হক। আনিসুল হক বলেন, তৈরি পোশাক ও টেক্সটাইল রপ্তানির ক্ষেত্রে নির্দেশনা ঠিক করার সুযোগ এটি।

তিনি আরও বলেন, দেশের বাণিজ্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে মূল প্রবন্ধ তৈরি করা হয়েছে।

বিজিএমইএ নেতৃবৃন্দের এ ধরনের উদ্যোগে গত বছর বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক ইফতার পার্টিতে একত্রে অংশ নেন।

তিনি আরও বলেন, কোটা পরবর্তী এক বছর সময়ে এবং জেনেভা সম্মেলনের পর দেশের বৃহৎ রপ্তানি খাত ওভেন ও টেক্সটাইল খাতের উন্নয়ন কৌশল ও নীতিমালা ঠিক করা দরকার।

টিপু মুন্সী বলেন, পুরো বিশ্বের তৈরি পোশাকের বাজার কৌশল বিশেষ করে উৎপাদন ও বিক্রয় ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে আমরা বিশ্বব্যাপী প্রতিযোগিতা মোকাবেলা করার জন্যে আমাদের কৌশল নির্ধারণ করতে চাচ্ছি।

সেমিনারে যুক্তরাষ্ট্রের শুল্ক সুবিধা গ্রহণের মাধ্যমে নমনীয় রপ্তানি বৃদ্ধি এবং প্রত্যাশিত মার্কিন বাণিজ্য নীতিমালা নিয়েও আলোচনা হবে বলে সূত্র জানায়।