পাকিস্তানি টেক্সটাইল কারখানা বাংলাদেশে স্থানান্তরের উদ্যোগ
পাকিস্তানি টেক্সটাইল ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন উদ্যোক্তা উৎপাদন খরচ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে তাদের কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
পাকিস্তান সফরের কথা বর্ণনা করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, পাঞ্জাবের বেশ কয়েকজন হোম টেক্সটাইল প্রস্তুতকারক তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন।
পাকিস্তানের একজন শিল্পপতিকে উদ্ধৃত করে করাচি ভিত্তিক পত্রিকা ডেইলি টাইমস জানায়, লিনেন, তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের প্রায় ২০টি কারখানার মালিক শিগগিরই তাদের কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে।
পাকিস্তানি ওই শিল্পপতির নাম উল্লেখ না করে ডেইলি টাইমস আরও জানায়, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাকিস্তান সফরের সময় করাচিতে অবস্থিত বাংলাদেশী কনস্যুল জেনারেল এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, কারখানা স্থানান্তরের খরচ সম্পর্কে জরিপ করতে পাকিস্তানি টেক্সটাইল শিল্প মালিকরা সম্প্রতি বাংলাদেশ সফর করে।
বাংলাদেশে ঠিক কোন ধরনের কতটি ইন্ডাস্ট্রি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে তা তিনি নির্দিষ্ট করে জানাননি। তবে তিনি বলেন, বাংলাদেশে কারখানা স্থানান্তর করতে ইচ্ছুকদের মধ্যে হোম টেক্সটাইল ও তৈরি পোশাক প্রস্তুতকারকরাও রয়েছেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি এমএ আউয়াল বিডিনিউজকে বলেন, পাকিস্তানের টেক্সটাইল মিল মালিকরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে খুবই আন্তরিক। তারা আমাদের অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের বেশ কিছু কারখানা স্থানান্তরের কথা জানিয়েছে।
তিনি বলেন, পাকিস্তানি টেক্সটাইল মিল মালিকরা ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের ক্ষেত্রে জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা পেতে উদগ্রিব। তাছাড়া বাংলাদেশে উৎপাদন খরচও পাকিস্তানের চেয়ে কম বলে তিনি উল্লেখ করেন।
পত্রিকাটির ভাষ্য অনুযায়ী পাকিস্তানি ওই শিল্পপতি বলেন, প্রকৃতপক্ষে ইউরোপীয় ইউনিয়নের সাথে এন্টি - ডাম্পিং শুল্ক এবং যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সুবিধার বিষয়টি আমাদের সরকার যেভাবে মোকাবেলা করেছে তাতে রপ্তানিকারক ও প্রস্তুতকারকরা হতাশ।
তিনি বলেন, ‘ব্যর্থ’ কৌশলের কারণে ইউরোপীয় ইউনিয়ন শুল্ক - বহির্ভূত বাধা আরোপ করেছে। ইইউ কেবল হোম টেক্সটাইলের ক্ষেত্রে এন্টি - ডাম্পিং শুল্ক আরোপ করেনি, তারা পাকিস্তানের জন্যে জিএসপি সুবিধাও প্রত্যাহার করে নিয়েছে।
পাকিস্তান থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ২০০৪ সালের মার্চে ইইউ ১৩ দশমিক ১ এন্টি - ডাম্পিং শুল্ক আরোপ করার পর থেকে হোম টেক্সটাইল রপ্তানির হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। উল্লেখ্য, রপ্তানির ক্ষেত্রে পাকিস্তানি শীর্ষ পাঁচটি পণ্যের অন্যতম হচ্ছে হোম টেক্সটাইল।
