২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা চালাবে এডিবি

পূর্ব ও দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয় আরও কার্যকর করার উপায় নিয়ে একটি সমীক্ষা পরিচালনার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

শুক্রবার ব্যাংকের একটি বিবৃতিতে বলা হয়, এডিবি’র আঞ্চলিক অর্থনীতি সমন্বয় কার্যালয় এ সমীক্ষা পরিচালনা করবে।

পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে এডিবি জানায়, এ দু’টি অঞ্চলের প্রবৃদ্ধির হার দ্রুত বৃদ্ধি পেলেও তাদের মধ্যকার সমন্বয় খুব দ্রুত বৃদ্ধি পায়নি।

বিবৃতিতে বলা হয়, এ দু’টি অঞ্চলের মধ্যকার সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে এই উচ্চ প্রবৃদ্ধির হার বজায় রাখার সম্ভাবনা খুবই বেশি। উভয় অঞ্চলই পণ্য ও সেবার ক্ষেত্রে একের পর এক বাজার সম্প্রসারণ, ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রতিযোগিতার বৃহৎ ক্ষেত্র, নিু মূল্য এবং সরাসরি বিদেশি বিনিয়োগ থেকে সুবিধা লাভ করতে প্রস্তুত।

তবে এডিবির সিনিয়র বাণিজ্য অর্থনীতিবিদ জ্ঞানেষণ উইগনারাজা বলেন, এ দু’টি অঞ্চলের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা বাস্তবায়নের ওপর সমীক্ষা হয়েছে অপেক্ষাকৃত কম। আঞ্চলিক অথনৈতিক সহযোগিতার সহায়ক নীতি প্রণয়নে এবং তা থেকে লাভবান হতে তথ্য প্রদান করবে এ সমীক্ষা।

এ সমীক্ষার আওতায় এডিবির আঞ্চলিক অর্থনীতি সমন্বয় কার্যালয় বিভিন্ন প্রেক্ষাপটে বাণিজ্য উদারীকরণের সম্ভাব্য প্রভাব নিরূপণের জন্যে একটি মডেল দাঁড় করাবে।

এ মডেলের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা থেকে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের সম্ভাব্য খাতগুলো চিহ্নিত করা হবে। এছাড়াও এ সাফল্য ভোগ করার ক্ষেত্রে প্রয়োজনীয় আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও দেশীয় পর্যায়ের নীতিমালা নির্দিষ্ট করে দেবে এ মডেল।

সমীক্ষার ফলাফল পরবর্তীতে পূর্ব ও দক্ষিণ এশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি নীতি নির্ধারণী সেমিনারে উপস্থাপন করা হবে।

সমীক্ষা পরিচালনায় এডিবি কারিগরি সহায়তা অনুদান হিসেবে পাঁচ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেবে। ২০০৭ সালের জুনের মধ্যে এ সমীক্ষার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।