লাস ভেগাস প্রদর্শনীতে মার্কিন তৈরি পোশাক ক্রেতাদের ধরার চেষ্টা করবে বাংলাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারিতে লাস ভেগাসের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে বলে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) কর্মকর্তারা জানিয়েছেন।
লাস ভেগাসের ‘এএসএপি গ্লোবাল সোর্সিং শো’ নামের প্রদর্শনীতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ৩৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের তুলে ধরবে।
এ ধরনের আন্তর্জাতিক মেলায় ইপিবি এই প্রথমবারের মত বড় পরিসরে অংশগ্রহণ করছে।
মেলায় বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্যাটাগরিতে যেমন শার্ট, পোলো শার্ট, প্যান্টস, স্কার্টস, সোয়েটার, পুলওভার, জ্যাকেট এবং শিশুদের পোশাকসহ বিভিন্ন তৈরি পোশাক প্রদর্শন করবে।
ইপিবি কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের তৈরি পোশাক প্রদর্শনের মাধ্যমে মার্কিন ক্রেতাদের আকর্ষণ করতে বাংলাদেশী রপ্তানিকারকরা বড় ধরনের সুযোগ পাবে।
ব্যাপক অংশগ্রহণের কারণে মেলার বাংলাদেশকে প্রধান আকর্ষণের মর্যাদা দেয়া হবে। এএসএপি কর্তৃপক্ষ তাদের ডাটাবেজে ২০,০০০ ক্রেতার কাছে অংশগ্রহণকারী বাংলাদেশের কোম্পানিদের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেছে।
এএসএপি’র অফিসিয়াল ওয়েব পেজেও বাংলাদেশকে অন্তর্ভূক্ত করা হয়েছে। মেলায় ৩৫টি দেশের তিনশ’র বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে যাচ্ছে।
মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব বাজারে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি ক্ষেত্র বৃদ্ধি করতে বাংলাদেশ সমর্থ হবে বলে ইপিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করেছে।
