২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল আমদানি অর্থায়নে এসসিবি’র কাছ থেকে ২৫ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

বাজারে ব্যাপক ডলার সংকটের কারণে জ্বালানি তেল আমদানিতে অর্থায়নের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) কাছ থেকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার প্রস্তাবে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে বলে সরকারি সূত্র বৃহস্পতিবার জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছাড় পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণের প্রস্তাবে প্রতি নীতিগত অনুমোদন দেয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

ঋণ গ্রহণের প্রস্তাব বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করা হলে অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, কমিটির প্রস্তাব অনুমোদন করার প্রয়োজন নেই। এ ব্যাপারে অর্থ ও জ্বালানি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে।

বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের পরিবেশিত তথ্য মতে, চলতি বছরে পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ২০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত সময়ে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) তার প্রতিশ্রুত ৭০ কোটি মার্কিন ডলারের মধ্যে ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দেয়। ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের ঘাটতি পুষিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক (বিবি) একটি সিন্ডিকেটের কাছে থেকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছে।

মন্ত্রিপরিষদের বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আইডিবির কাছ থেকে অপর্যাপ্ত ঋণ এবং স্থানীয় ব্যাংকে ঋণপত্র (এলসি) খোলার বিপরীতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার যোগান দিতে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা আমাদেরকে তেল আমদানি করতে বিদেশি ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে বাধ্য করেছে।

জ্বালানি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক সূত্র জানিয়েছে, অপর্যাপ্ত বৈদেশিক মুদ্রার কারণে জ্বালানি তেল আমদানির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল।

সাইফুর রহমান অবশ্য সাংবাদিকদের বলেছেন, দেশে বৈদেশিক মুদ্রার কোন সংকট নেই। তিনি বলেন, সহজ শর্তাবলীর কারণে আমরা ঋণ নিয়েছি।

জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) প্রস্তাবের সাথে তুলনা করলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শর্তাবলী বাংলাদেশের জন্য সাশ্রয়ী।

সাংবাদিকদের জ্বালানি উপদেষ্টা বলেন, এইচএসবিসি’র পরিবর্তে এসসিবি’র কাছ থেকে ঋণ নিলে আমাদের চার কোটি টাকার মতো সাশ্রয় হবে।