২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মটোরোলা থেকে মোবাইল সেট কিনবে উন্নয়নশীল দেশের অপারেটররা

উন্নয়নশীল দেশগুলোর মোবাইল অপারেটরা মোবাইল সেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মটোরোলার কাছ থেকে প্রায় এক কোটি বিশ লাখ সেট ক্রয় করবে।

নিজস্ব প্রতিবেদক

মুবাশশার হাসান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জিএসএম অ্যাসোসিয়েশন (জিএসএমএ) পরিচালিত এমাজিং মার্কেট হ্যান্ডসেট (ইএমএইচ) প্রোগ্রামের আওতায় এ সেটগুলো কেনা হবে বলে সূত্র জানিয়েছে।

এই কর্মসূচির আওতায় উন্নয়নশীল বাজারের শীর্ষ অপারেটররা মটোরোলার কাছ থেকে অত্যন্ত কম দামের মোবাইল সেটগুলো কিনবে। এ ধরনের মোবাইল সেট এখন বিশ্বের ৫০ টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে।

বেসিক ভয়েস সার্ভিস সুবিধা বাড়াতে উচ্চ গতিসম্পন্ন মোবাইল নেটওয়ার্ক তৈরিতে থ্রি-জিএসএম টেকনোলজি ব্যবহার করা হবে। এ জন্য একটি উন্নয়ন তহবিল থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। উন্নয়নশীল দেশে স্বল্প খরচের থ্রি-জিএসএম নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার ও ডাটা ট্রান্সফারের জন্য ব্যাপক হারে ব্যবহার করা হয়।

বাংলাদেশে বর্তমানে এনডিও’র মাধ্যমে জিএসএমএ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এনডিও উন্নয়নশীল দেশে কম খরচে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়ার জন্য ইংল্যান্ডের ক্যামব্রিজ ভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা ইন্টারনেটের সুবিধা সম্পন্ন মোবাইল নেটওয়ার্ক টার্মিনাল স্থাপন কাজে সহায়তা দিচ্ছে।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামবাসীরা এখন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ইন্টারনেট ব্যবহারের এই সুযোগ পাওয়া যাচ্ছে ইডিজিই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, যা সেকেন্ডে ২৪০ কিলো বাইট ডাটা ট্রান্সফার করতে পারে।

প্রতিবেশী দেশ ভারতে জনসাধারণ বর্তমানের ফাস্ট মোবাইল কোম্পানি মিডোস, ইলিয়নসের সফটওয়্যার ব্যবহার করার কারণে দ্রুত এসএমএস, এমএমএস, ইমেইল এবং তাৎক্ষণিক মেসেজ দিতে পারছে।

জিএসএমএ’র সিইও রোব কোনওয়ে বলেন, মটোরোলা বর্তমান কর্মসূচির আওতায় এক কোটি বিশ লাখ মোবাইল সেট বিক্রির লক্ষমাত্রা ছাড়িয়ে যেতে চায়। কারণ ক্রমবর্ধমান বাজারে এখানে মোবাইল যোগাযোগ বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। উল্লেখ্য জিএসএমএ বিশ্বব্যাপী ৬৮০ টি মোবাইল অপারেটরের সাথে কাজ করছে।

কম দামী মোবাইল সেট বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ করে দিয়েছে বহু মানুষকে। এদের অনেকেরই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সুযোগ ছিলো না।

ইএমএইচ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় নির্মিত মটোরোলার সি১১৩ ও সি১১৩এ মোবাইল সেটের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হচ্ছে। ২০০৬ সালের প্রথমদিকে এই সেটগুলো বিক্রি শুরু হয়। মটোরোলার এই কর্মসূচির আওতায় জিএসএম প্রযুক্তি ব্যবহারকারী মোবাইল অপরেটররা অংশ নিতে পারবেন।

মটোরোলা মোবাইল প্রকল্পের প্রেসিডেন্ট রোন গ্যারিকুইস বলেন, কর্মসূচিটি বেশ সফল হচ্ছে। জিএসএমএ এবং মোবাইল অপারেটররা যৌথভাবে প্রতিদিন অন্তত ৩১ হাজার নতুন মোবাইল গ্রাহককে এই নেটওয়ার্কের আওতায় আনতে পারছে।

তিনি আরো বলেন, এটা কেবল আমাদের গ্রাহকদের জন্য নয়, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের ব্যবসা এবং মোবাইল শিল্পের জন্য বেশ শক্তিশালী একটি মাধ্যম।

এই কর্মসূচির সম্ভাব্য সুবিধা যাতে অধিক সংখ্যক গ্রাহক নিতে পারে সে জন্য জিএসএম মটোরোলার সহায়তা কর্মসূচি আরো ছয় মাসের জন্য বৃদ্ধি করা হবে। ফলে এই কর্মসূচি ২০০৬ সালের ৩০ জুন শেষ না হয়ে ৩১ ডিসেম্বর শেষ হবে।

জিএসএমএ ধারণা করছে, অন্তত একশ কোটি মানুষ এখনো মোবাইল ব্যবহার করার ক্ষমতা রাখে না। উন্নয়নশীল দেশের মানুষদের মোবাইল ব্যবহার করার সুযোগ করে দিতে জিএসএমএ ‘অংশিদারী’ ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করবে।