পানি সম্পদ খাতে নেদারল্যান্ডের সহযোগিতা ২০০৭ সাল পর্যন্ত বর্ধিত হচ্ছে: দ্বৈত চুক্তি সাক্ষরিত
পানি সম্পদ মন্ত্রনালয়ের সভাকক্ষে মঙ্গলবার পানি সম্পদ খাতে বর্ধিত সহায়তা স্কীমের আওত্তায় বাংলাদেশ ও নেদারল্যন্ডের মধ্যে মঙ্গলবার দ্বৈত চুক্তি সাক্ষরিত হয়েছে।
নেদারল্যান্ডের সফররত উন্নয়ন সহযোগিতা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাজেন্স ভেন আরডেন এবং বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।
হাফিজউদ্দিন আহমেদ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বলেন, নেদারল্যান্ড আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে নিকট সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে, যা আমাদের জন্য স্মরনীয় হয়ে থাকবে।
আজেন্স ভেন আরডেন বলেন, পানি সম্পদ খাতে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের সম্পদ ও জ্ঞান বাংলাদেশের জন্য সহজলভ্য হয়ে থাকবে।
দুই দেশের মন্ত্রণালয়ের মধ্যে সাক্ষরিত এই দ্বৈত চুক্তি, পানি ব্যাবস্থাপনা খাতে আরো সহযোগিতা বাড়ানোর জন্য তহবিল পেতে সাহায্য করবে, বিশেষ করে কারিগরী জ্ঞান বিণিময়ে ভূমিকা রাখবে।
২০০০-২০০৫ সময়ে এই চুক্তির প্রথম পর্যায় অতিবাহিত হয়েছে। বর্তমান চুক্তি প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করবে। দ্বৈত চুক্তির আওত্তায় দুই বছরে মোট ৪ লক্ষ ইউরো ব্যায় করা হবে।
বাংলাদেশের জন্য নেদারল্যান্ডের উন্নয়ন সহযোগিতা কর্মসূচী স্বাধীনতার পরপরই শুরু হয় এবং সমগ্র বিশ্বে নেদারল্যান্ডের উন্নয়ন সহযোগিতার মধ্যে এটি অন্যতম।
২০০৬ সালে বাংলাদেশের জন্য ডাচ উন্নয়ন বাজেটের পরিমান ছিল মোট ৪৪ মিলিয়ন ইউরো। পানি সম্পদ ব্যাবস্থাপনা, মৌলিক শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা খাত ছিল এর মধ্যে অন্যতম।
চুক্তি সাক্ষরের আগে নেদারল্যান্ডের উন্নয়ন সহযোগিতা মন্ত্রাণালয়ের মন্ত্রী অ্যাজেন্স ভেন আরডেন তিন দিনের এক সফরে বাংলাদেশ এসে পৌছান।
সফরের প্রথম দিন মঙ্গলবার তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সুশীল সমাজের নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাত করেন।
অর্থমন্ত্রীর সাথে বৈঠকে নেদারল্যান্ডের মন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশের স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সরকারি অর্থ ব্যবস্থাপনা খাতের উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠক থেকে বেরিয়ে এসে ডাচ মন্ত্রী বলেন, বাংলাদেশ আমাদের সহযোগিতা প্রত্যাশা করে এবং আমরা তা অব্যহত রাখবো।
সাইফুর রহমান বলেন, বাংলাদেশের জন্যে নেদারল্যান্ড একটি ভালো উন্নয়ন সহযোগী, যদিও সহায়তার মোট পরিমানের ক্ষেত্রে এটি একটি ছোট দাতা দেশ।
