শেয়ার বাজারে ধস: ডিএসই’র সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ
শেয়ার বাজারের সূচকের ক্রমাবনতির ব্যাপারে নিয়ন্ত্রণ কার্যক্রমকে দায়ী করে সোমবার ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্রি বেড়ে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক একযোগে ২৩ পয়েন্ট নেমে গেলে উত্তেজিত বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তবে, পরবর্তীতে শেয়ার বিনিময়ের বাকি সময়ে শেয়ারের দাম পুর্বাবস্থায় ফিরে আসে এবং তা আগের দিনের সূচক ১৫৮৭ দশমিক ৪৭ থেকে আগের দিনের কাছাকাছি ১৫৮৪ দশমিক ৪৩ এ উঠে আসে। এতে করে শেয়ারের পতন ৩ দশমিক ০২৭ পয়েন্ট বা ০ দশমিক ১৯ শতাংশে দাঁড়ায়।
রোববার ডিএসই’র সাধারণ সূচক ২৫ দশমিক ৬৪ পয়েন্ট নেমে যায়, যা গত সপ্তাহের তুলনায় ১ দশমিক ৬০ শতাংশ কম। ওই দুই বাণিজ্য দিবসে ডিএসই’র সকল শেয়ারের দাম পড়ে যায়।
বিক্ষোভকারীরা ডিএসই ও এসইসি’র বিরোধের বিষয়টি উল্লেখ করে তাদের বিরুদ্ধে শ্লোগান দেন।
বিনিয়োগকারীদের একজন ইকবাল আহমেদ বলেন, ডিএসই ও এসইসি’র মধ্যকার বিরোধ শেয়ার বাজারের এ ধসের জন্য দায়ী এবং এর ফলে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের ওপর আস্থা হারাতে বসেছে এবং এর ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে হতাশ হয়ে পড়ছে।
এসইসি'কে দায়ী করে তিনি বলেন, শেয়ার বাজার যখনই চাঙ্গা হতে থাকে তখনই নিয়ন্ত্রকরা এতে হস্তক্ষেপ করেন। কিন্তু বাজারে যখন ধস নামে তখন তারা নীরব ভূমিকা পালন করেন।
খোরশেদ আলী মোল্লা নামে এক বিনিয়োগকারী বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের সহযোগিতার অভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার বাজারে আসতে পারছে না। তাছাড়া বেশ কিছু ইনস্যুরেন্স কোম্পানির তালিকা তৈরির ক্ষেত্রে এক্সচেঞ্জ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতাও এ ধসকে ত্বরান্বিত করেছে বলে তিনি উল্লেখ করেন।
বিনিয়োগকারীদের আচরণ ‘অমানবিক’ উল্লেখ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, বাজারে এমন কোনও মৌলিক পরিবর্তন আনা হয়নি যার কারণে বিনিয়োগকারীরা আন্দোলন করতে পারেন।
তিনি বলেন, আগের দিনের তুলনায় আজকে লাভবানদের সংখ্যা বেশি।
তিনি আরও বলেন, ব্যাংকে সঞ্চয়ের সুদের হার বৃদ্ধি করায় এবং সরকারের চুক্তিভিত্তিক আর্থিক নীতিমালা ও মুদ্রস্ফীতি বিনিয়োগকারীদেরকে সেকেন্ডারি বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পারে।
ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বাজারে অস্বাভাবিক কোনও কিছু ঘটেনি।
মোনা ফাইন্যানশিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম বলেন, এটি অব্যাহত ধসের প্রেক্ষাপটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পর্যবেক্ষণের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ভবিষ্যত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অনিশ্চয়তা, ডলার ও তেলের মুল্য বৃদ্ধির প্রেক্ষিতে কোম্পানির আয় ও লাভের ওপর প্রভাব এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অভাব ইত্যাদি শেয়ার বাজারে অব্যাহত ধসের অন্যতম কারণ হতে পারে।
