ডব্লিউটিও ইস্যুতে গঠিত সেবা খাত কমিটিকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশের আহ্বান
হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত থেকে সুবিধা গ্রহণের পরিমান বাড়াতে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সোমবার সদ্যগঠিত সেবা খাত কমিটিকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ রিপোর্ট পেশ করার আহ্বান জানিয়েছেন।
কমিটি সদস্যদের সতর্ক করে দিযে বাণিজ্যমন্ত্রী বলেন, রিপোর্ট জমা দেয়ার সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।
ডব্লিউটিও চুক্তির মোড-৪ এর ধারা বাংলাদেশ কিভাবে ও কোথায় কাজে লাগাতে পারে তা নির্ণয় করতে গত সপ্তাহে গঠিত কমিটির সদস্যদের সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক করছিলেন বাণিজ্যমন্ত্রী ।
কমিটির আহ্বায়ক এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান সচিব আশফাক হামিদ, বাণিজ্য সচিব আব্দুল করিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয়ক শাখার মহাপরিচালক নাসিরুদ্দিন আহমেদ বৈঠকে বক্তব্য রাখেন।
বিদেশে বাংলাদেশী জনশক্তি ও অন্যান্য পেশাজীবীদের কোন কোন ক্ষেত্রে সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে তা খঁ^ুজে বের করার দায়িত্ব কমিটিকে দেয়া হয়েছে।
সেবা খাতে যে কর্মপরিকল্পনা (মোডালিটিজ) প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নের জন্য চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ডব্লিউটিওকে কার্যকর কৌশল নির্ধারন করতে হবে।
তবে রিপোর্ট জমা দেয়ার জন্য এত কম সময় নির্ধারণ করায় সেবা খাত কমিটির সদস্যরা আশ্চর্য প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য বলেন, বিশাল জনশক্তিকে রপ্তানি করার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার উপর বিস্তারিত জরিপ কমিটিকে তৈরি করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেয়া কঠিন হয়ে যাবে।
কমিটির আহ্বায়ক আশফাক হামিদ বলেন, কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতে কমিটির সদস্যরা জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) ১৯ ফেব্রুয়ারি বৈঠকে বসতে পারেন।
বিএমইটি মহাপরিচালক জানিয়েছেন, ৪০ থেকে ৪৫ লাখ বাংলাদেশী বিদেশের ১১৫টি শাখায় কাজ করছে। সফল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আরো জনশক্তি রপ্তানির প্রচুর সুযোগ রয়েছে।
