২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকাচ্যুত ৩৩টির মধ্যে মাত্র ২টি কোম্পানির শেয়ার জনগণের কাছ থেকে ফেরত নেয়া হয়েছে

১৯৯৪ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিভিন্ন অভিযোগে তালিকাচ্যুত ৩৩টি কোম্পানির মধ্যে মাত্র দু’টি কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার মধ্য দিয়ে কোম্পানির শেয়ার ফেরত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

শেয়ার ফেরত নেয়া কোম্পানিগুলো হচ্ছে- হাইস্পিড শিপ বিল্ডিং লিমিটেড এবং বাংলাদেশ মিউচুয়াল জুট লিমিটেড।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, বর্তমান বিধিমালা অনুযায়ী তালিকাচ্যুত কোম্পানিগুলোকে তাদের বিক্রিত শেয়ার ফেরত নিতে বাধ্য করার ক্ষমতা আমাদের নেই।

প্রশ্ন করা হলে তিনি বলেন, সেক্ষেত্রে এ ধরনের বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে তালিকাচ্যুত কোম্পানির লিকুইডেশন চেয়ে আদালতে আবেদন জানাতে পারেন।

ডিএসই সূত্র জানায়, তালিকাচ্যুত ১৪টি কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজার মূল্য ছিল কোম্পানির অভিহিত মূল্যের সমপরিমাণ। তালিকাচ্যুত সাতটি কোম্পানির তালিকাচ্যুত হওয়ার সময় শেয়ারের সর্বশেষ বাজার মূল্য ছিল অভিহিত মূল্যের চেয়ে বেশি। বাকি তালিকাচ্যুত কোম্পানিগুলোর শেয়ারের সর্বশেষ বাজার মূল্য ছিল অভিহিত মূল্যের চেয়ে কম।

ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট আহমদ রশিদ লালী বলেন, ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি), রিভার্স বুক বিল্ডিং পদ্ধতি ও বিক্রিত শেয়ার ফেরত নেয়ার পদ্ধতির সূচনার ফলে সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

ডিএসই’র পরিসংখ্যান অনুযায়ী, কোম্পানিগুলোর তালিকাচ্যুতির পর প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীসহ ১,৯৬,৩০,৮৫৫ জন শেয়ারহোল্ডার তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত নিতে ব্যর্থ হওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

তালিকাচ্যুত হওয়ার পরও যে ৩১টি কোম্পানি তাদের বিক্রিত শেয়ার ফেরত নেয়নি, তারা হল-চাঁদ টেক্সটাইল মিলস লিমিটেড, চাঁদ স্পিনিং, প্যানথার স্টিল লিমিটেড, আনোয়ারা জুট মিলস লিমিটেড, স্পেশালাইজ্ড জুট মিলস লিমিটেড, পেপার কনভারটিং অ্যান্ড প্যাকেজিং লি., ডেলটা জুট মিলস লি., গাউসিয়া জুট মিলস লি., হাওলাদার পিভিসি, অ্যারোমা টি, ফ্রসলিস এক্সপোর্ট লি., মিলিয়ন ট্যানারিজ, নিউ ঢাকা রিফ্রাক., শমসের জুট মিলস লি., আহাদ জুট মিলস লি., ইসলাম জুট মিলস লি., বেঙ্গল স্টিল মিলস লি., করিম পাইপ, এবি বিস্কুট লি., ঢাকা ভেজিটেবল লি., রুপন অয়েল, মেঘনা ভেজিটেবল লি., ন্যাশনাল অক্সিজেন, এসটিমি (ওআরডি) লি., জেম নিটওয়্যার লি., জেএইচ কেমিক্যালস লি., মার্ক বিডি শিল্প, প্যারাগন লেদার লি. এবং টেক্সপিক ইন্ডাস্টিজ লিমিটেড।