প্রস্তাবিত কয়লা নীতি দেশের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হবে: গোলটেবিল বৈঠকে বক্তারা
দেশের খসড়া কয়লা নীতি বিদ্যমান জ্বালানি নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ ও রপ্তানিমুখী হওয়ায় ফুলবাড়ী কয়লা খনি প্রকল্পে বাংলাদেশের স্বার্থের পরিবর্তে বিদেশি কোম্পানির স্বার্থই সংরক্ষিত হবে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার ফুলবাড়ী কয়লা প্রকল্পের ওপর সাপ্তাহিক ২০০০ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা একথা বলেন।
তারা বলেন, প্রস্তাবিত নীতিমালায় পণ্য বিনিময়, চাহিদা সরবরাহ ও আইনি বিষয়ের পাশাপাশি স্পষ্ট কোনও লক্ষ্যের উল্লেখ নেই।
তারা আরও বলেন, এ নীতিমালার আওতায় কোনও কোনও ক্ষেত্রে লোকসান হতে পারে এবং তার পরিমাণই বা কি হবে তা নিরূপণের জন্যে এ ধরনের প্রকল্পে অবশ্যই জনগণের অংশগ্রহণ এবং পরিবেশের প্রভাব মূল্যায়ন থাকতে হবে।
বৈঠকের সভাপতি অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান বলেন, সরকার প্রস্তাবিত কয়লা নীতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এ কারণে সম্প্রতি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এশিয়া এনার্জি’র সহায়তায় প্রতিষ্ঠিত ফুলবাড়ী কয়লা খনিটি দেশের জন্যে বোঝাঁ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশ বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হবে। কেননা উৎপাদিত কয়লার মাত্র ছয় শতাংশ সত্ত্ব পাওয়ার প্রেক্ষিতে প্রকল্প এলাকার প্রায় ৫০ হাজার লোককে পুনর্বাসন করতে হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকা পরবর্তীতে অকার্যকর হয়ে পড়বে।
এমএম আকাশ বলেন, ফুলবাড়ী কয়লা খনি থেকে তথাকথিত লাভের আশায় সরকারকে জনগণের মৌলিক অধিকার লংঘন এবং পরিবেশ ধ্বংসের সিদ্ধান্ত নিতে হবে।
বেশ কয়েকজন বক্তা প্রস্তাবিত এ কয়লা নীতিকে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে ‘ধ্বংসাত্মক’ হিসেবে আখ্যায়িত করেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, কয়লা যেহেতু দেশজ সম্পদ, তাই স্থানীয় কনসোর্টিয়ামেই প্রথমে এর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল এবং পিডিবি’র সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন এম কামালও বৈঠকে বক্তব্য রাখেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্বালানি প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. এম শামসুল আলম তার মূল প্রবন্ধে বলেন, দেশের গ্যাস ফিল্ডগুলোতে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত মোট নয় ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস রয়েছে যা দ্বারা ২০১৫ সাল পর্যন্ত দেশের চাহিদা মেটানো সম্ভব। এদিকে দেশের চারটি কয়লা খনিতে উত্তোলনযোগ্য কয়লা রয়েছে ২০০ থেকে ২৯০ মিলিয়ন টন যা পাঁচ থেকে সাত ঘনফুট গ্যাসের সমান।
ফুলবাড়ী কয়লা খনি সম্পর্কে তিনি বলেন, ফুলবাড়ী কয়লা প্রকল্পে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করে আয় হবে ৪০ হাজার কোটি টাকা।
