২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তৈরী পোষাক রপ্তানীতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অন্তত কিছু তৈরী পোষাকের জন্য বিনা শুল্কে প্রবেশাধিকার পাওয়াটা খুবই প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিন দিনব্যাপী যুক্তরাষ্ট্র বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মোরশেদ খান বলেন, গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র- বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে দু’ দেশই যাতে বাণিজ্যে লাভবান হতে পারে তার দিকে নজর দিতে হবে।

গত বছরের বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং ঘোষণায় উন্নয়নশীল দেশের বাজার সম্প্রসারণ করার জন্য ৯৭ শতাংশ পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা প্রদানের কথা বলা হলেও তার মধ্যে অনুন্নত দেশের মূল রপ্তানী দ্রব্য খুবই কম। বাকি তিন শতাংশ পণ্য, যা শুল্কের আওতার মধ্যে তাতে অনুন্নত দেশের রপ্তানী পণ্যই বেশী। অন্ততঃ কিছু পরিমানে হলেও বাংলাদেশের তৈরি পোশাক এ শুল্কমুক্ত সুবিধার অন্তর্ভূক্ত হওয়া প্রয়োজন বলে মোরশেদ খান উল্লেখ করেন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি রব পোর্টম্যান ওই সম্মেলনের পর হংকংয়ে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পোষাক পণ্য সম্পর্কে বলেন, বাংলাদেশের তৈরি পোষাক যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেয়া হবেনা। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই খাত রপ্তানী ক্ষেত্রে খুবই প্রতিযোগিতাপূর্ণ।

বাংলাদেশে আমেরিকান চেম্বার ও কমার্স এবং মার্কিন দুতাবাস যৌথভাবে ঢাকার শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্রের রপ্তানী পণ্যের উপর তিন দিনের প্রদর্শনী আয়োজন করেছে।

জন্য মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ শামাস এবং বাংলাদেশে আমেরিকান চেম্বার ও কমার্সের প্রেসিডেন্ট এন্ড্রু এল ফাউথ্রপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশে আমেরিকান চেম্বার ও কমার্সের পরিচালক এ গফুর অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।

মোরশেদ খান বলেন, হরতাল ও রাজনৈতিক অস্থিরতার পরও বাংলাদেশ এক দশকেরও বেশী সময় ধরে জিডিপি প্রবৃদ্ধি পাঁচের ওপর রাখতে পেরেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান অর্থ বছরে এই প্রবৃদ্ধি বেড়ে ছয় শতাংশ হবে।

তিনি বলেন, এ সাফল্যের দাবীদার  ব্যক্তি মালিকানাধীন খাত এবং তাদের কঠোর পরিশ্রমই এর পিছনে কাজ করছে।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ শামাস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যের পরিসংখ্যান তুলে ধরে বলেন, জানুয়ারি-নভেম্বর ’০৫ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তিনশ’ মিলিয়ন ডলারের  পণ্য রপ্তানী করেছে, বিপরীতে বাংলাদেশে একই সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানী করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য। তিনি বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাংলাদেশের অনুকূলে রয়েছে।

বাংলাদেশে আমেরিকান চেম্বার ও কমার্সের প্রেসিডেন্ট ও বাংলাদেশে ইউনিকলের কান্ট্রি ম্যানেজার এন্ড্রু এল ফাউথ্রপ তার বক্তব্যে হরতালকে এদেশের অর্থনীতিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে বলেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাতিকে ঐক্যবদ্ধ ভাবে হরতালকে ‘বিদায়’ জানানোর পরিবেশ তৈরী করতে হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মেলায় ৭৫ টি প্রতিষ্ঠানের ১২৭টি বুথে মার্কিন পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী জনসাধারনের জন্য খোলা থাকবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রদর্শনীতে প্রবেশের ফি জনপ্রতি ২০ টাকা।