২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটেশ্বরের প্লাস্টিক শিল্প দেশ পেরিয়ে ইউরোপ, আমেরিকার বাজারে স্থান করে নিচ্ছে

উপমহাদেশ বিভক্তির পর নোয়াখালির মীর্জানগরের নাটেশ্বর - ঘোষকামতা গ্রামের অল্প ক’জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে যে প্লাস্টিক শিল্পের সূচনা, দেশ ছাড়িয়ে তার বাজার এখন ইউরোপ - আমেরিকাসহ সারা বিশ্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

২০০৪ সালে বিশ্বের মোট ৫৫টি দেশে বাংলাদেশ ২৬.৮৩ মিলিয়ন মার্কিন ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে।

এ সময় এশিয়ার ২০টি দেশে ৭.২০ মিলিয়ন ডলার, ইউরোপের ২১টি দেশে ৮.১১ মিলিয়ন, উত্তর আমেরিকার ৫টি দেশে ৭.৩১ মিলিয়ন, দক্ষিণ আমেরিকার ২টি দেশে ১.০ মিলিয়ন, আফ্রিকার ৭টি দেশে ২.১১ মিলিয়ন এবং ওশেনিয়ার ১টি দেশে ১.১০ মিলিয়ন ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানী করে।

এ শিল্পের উদ্যোক্তারা জানান, পঞ্চাশের দশকে নাটেশ্বর-ঘোষকামতা’র কয়েকজন ব্যবসায়ী চুড়ি, খেলনা, জগ, মগ ও সাধারণ কিছু প্লাস্টিক পণ্য উৎপাদন শুরু করার মধ্য দিয়ে এদেশে প্লাস্টিক শিল্পের সূচনা করেন।

বিভিন্ন শিল্প পণ্যের বাজারজাতকরণে প্যাকেজিং সমস্যার সৃষ্টি হলে এলডিইপি দিয়ে প্রথম পলিথিন উৎপাদন শুরু করেন এখানকার প্লাস্টিক পণ্য উৎপাদনকারীরা।

আশির দশকে শপিং ব্যাগ হিসেবে পলিথিনের ব্যবহার শুরু হয় এবং দ্রুত গতিতে এর চাহিদা বাড়তে থাকে।

পলিথিন শপিংব্যাগ উৎপাদনের পাশাপাশি প্লাস্টিক কারখানাগুলো নিত্য প্রয়োজনীয় নতুন নতুন পণ্য তৈরি অব্যাহত রাখে।

উদ্যোক্তারা জানান, হল্যাণ্ড, জার্মানী, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, ইউক্রেন, ইংল্যাণ্ড ও আমেরিকার মতো উন্নত দেশে বাংলাদেশে তৈরি প্লাস্টিকজাত পণ্যের চাহিদা ব্যাপক।

প্লাস্টিক শিল্পে আরো উৎপাদিত হয় পিপি, ওভেন ব্যাগ, গার্বেজব্যাগ, হ্যাঙ্গার, বাটারফ্লাই, কলার স্ট্যান্ড, গার্মেন্টস এক্সেসরিজ, টুপি, টুথব্রাশ সহ নানা রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য।

এছাড়া এশিয়ার মধ্যে সর্ববৃহৎ প্লাস্টিক কারখানা ‘বেঙ্গল প্লাস্টিক’ বাংলাদেশে অবস্থিত। বেঙ্গল এর তৈরি হ্যাঙ্গার গুণগতমানে বিশ্ববাজারে অদ্বিতীয়।

বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৫২ সাল থেকে কয়েকজন লোক এই ব্যবসা শুরু করেন। কিন্তু আজকে এই শিল্প বিশাল হয়ে উঠেছে।

তিনি বলেন, এই শিল্পের বিকাশে সরকারের আন্তরিকতার কারনে অভ্যন্তরীন চাহিদার ৭০ ভাগ মিটানোর পরে বিদেশেও রপ্তানি করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ প্লাস্টিক সামগ্রী উৎপাদন ও রপ্তানীকারক সমিতি’র (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দীন বলেন, সরকারের যথাযথ সহযোগিতা পেলে আমরা আগামী তিন বছরে পাঁচ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।

তিনি আরো বলেন, এই শিল্পের বিকাশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এক্ষেত্রে সরকারের নজর দেওয়া প্রয়োজন।

উদ্যোক্তারা বলেন, প্লাস্টিক শিল্পের উৎকর্ষতা এদেশের রপ্তানিযোগ্য অন্যান্য পণ্য - সামগ্রী রপ্তানিতেও বিশেষ ভূমিকা রাখছে। ইউরোপ ও আমেরিকার বাজারে চিংড়িমাছ, মাংসসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর রপ্তানির ক্ষেত্রে গুণগতমান বজায় রাখার প্রশ্নে প্লাস্টিক প্যাকেজিং ছাড়া গ্রহণযোগ্যতা থাকে না। বাংলাদেশের প্রধানতম রপ্তানিখাত গার্মেণ্টস পণ্যের ফিটিং এবং প্যাকেজিংয়ে এ পলিথিনের বিকল্প নেই।