২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি করার কথা আইএমএফ'কে জানিয়েছেন অর্থমন্ত্রী

বাজেটে বর্ধিত রয়ালটি পরিশোধের ব্যবস্থা করতে চলতি অর্থবছরে (জুন মাস পর্যন্ত) গ্যাসের দাম বৃদ্ধি করা হবে বলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এক চিঠিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

অবশ্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টিতে নিজের অজ্ঞতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের কোন সিদ্ধান্তের ব্যাপারে আমি অবগত নই।

পোভার্টি রিডাকশন গ্রোথ ফ্যাসিলিটি’র (পিআরজিএফ) আওতায় অর্থনৈতিক সহায়তা চেয়ে জানুয়ারি মাসে আইএমএফ’কে লেখা এক চিঠিতে সাইফুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক মানোন্নয়ন উল্লেখযোগ্য ফল না দেয়া পর্যন্ত বাজেটে বর্ধিত রয়ালটি পরিশোধের ব্যবস্থা করতে প্রাকৃতিক গ্যাসের দাম চলতি অর্থবছরে পুনর্বিন্যাস করা হবে।

মাহমুদুর রহমান বলেন, প্রাকৃতিক গ্যাসের দাম পুনর্বিন্যাস করা হতে পারে। তবে কখন তা করা হবে সে ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

সূত্র জানায়, পিআরজিএফ’র আওতায় দেশের অর্থনৈতিক নৈপূণ্যের পঞ্চম পর্যালোচনার নৈপূণ্য মাণদন্ড পূরণ এবং উল্লেখিত মাণদন্ড অর্জন করতে সরকার গ্যাসের দাম পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, পঞ্চম পর্যালোচনার কাঠামোগত নৈপূণ্য মাণদন্ড মোতাবেক করের ভিত্তি সম্প্রসারণ করতে কর হ্রাস, সুবিধা প্রদান ও এর সাথে জড়িত অন্যান্য রাজস্ব লোকসান সরকার ২০০৬ সালের এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করবে।

পঞ্চম পর্যালোচনার উল্লেখিত শর্তানুযায়ী জ্বালানি ও বিদ্যুত খাতে আন্তর্জাতিক পর্যায়ের চেয়ে কম দাম হওয়ার কারণে আধা-রাজস্ব ব্যয়ের বিষয়টি উল্লেখ করে সরকারকে একটি রিপোর্ট চূড়ান্ত করতে হবে।

উল্লেখিত শর্তাবলী পূরণ করার সর্বশেষ সময়সীমা ২০০৬ সালের ৩০ এপ্রিল।

পিআরজিএফ’র আওতায় সরকার প্রতিশ্রুত ৫৭৮ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৪০৯ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পেয়েছে। পিআরজিএফ’র আলোকে চতুর্থ অর্থনৈতিক নৈপূণ্য পর্যালোচনা করে আইএমএফ সম্প্রতি বাংলাদেশকে ৯৭ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে।