২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার প্রবেশাধিকার, সেবাখাত ও দ্রব্য বহুমূখীকরণ বিষয়ক তিনটি কমিটি গঠন

বাণিজ্য মন্ত্রণালয় এ সপ্তাহে বাজার প্রবেশাধিকার, সেবাখাত ও দ্রব্য বহুমুখিকরণ বিষয়ক তিনটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এ সব কমিটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) হংকং মন্ত্রীপরিষদ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে গৃহীত সিদ্ধান্ত থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের এক কর্মকর্তা জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সঙ্গে সদ্য গঠিত ওই তিনটি কমিটি বৈঠকে বসবে।

তিনি বলেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।

ডাব্লিউটিও সেলের উপপরিচালক শরিফা খান বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটিগুলো তাদের কার্যপরিধি অনুসারে প্রতিবেদন দাখিল করবে।

১৯ সদস্য বিশিষ্ট বাজার প্রবেশাধিকার বিষয়ক কমিটির আহবায়ক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চেয়ারম্যান এবং সদস্য সচিব ইপিবি পরিচালক রাজ্জাক মন্ডল, ১৬  সদস্য বিশিষ্ট সেবা খাতের বিষয়ক কমিটির আহবায়ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং সদস্য সচিব বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ-প্রধান ড. মোস্তফা আবিদ খান এবং দ্রব্য বহুমূখীকরণ বিষয়ক কমিটির আহবায়ক ইপিবি’র মহাপরিচালক এবং সদস্য সচিব ইপিবি’র পরিচালক (দ্রব্য)। 

তবে এসব কমিটিতে প্রয়োজনবোধে যে কোনো ব্যক্তিকে কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।

এসব কমিটির সদস্যরা মূলত বেসকারি সংস্থার বিশেষজ্ঞ, ব্যবসায়ী সমিতিগুলোর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের সরকারি আমলা।

সেবা খাত বিষয়ক কমিটির একজন সদস্য জানান, স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে সংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহ বিশ্লেষন করে মোড-৪ এর আওতায় ইন্টারন্যাশন্যাল স্টার্ন্ডাড ক্লাসিফিকেশন অব অকোপেশনস-১৯৮৮ (আইএসসিও-১৯৮৮) ক্যাটাগরির আওতায় বাংলাদেশ থেকে কোন কোন ক্ষেত্রে জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে তা চিহ্নিত করবে। একইসঙ্গে এ কমিটি এসব বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

তিনি আরো জানান, জেনেভা বৈঠকের প্রস্তুতি নিতে ওই তিনটি খাতে কমিটি করা হয়েছে। কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে তৈরি করা হবে কার্যধারা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় বেসরকারি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সমন্বয়ে জাতীয় কমিটি গঠনের কথা থাকলেও এখনো এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।