২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার শেষ হচ্ছে টাটার সাথে সরকারের চূড়ান্ত পর্যায়ের আলোচনা

ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি টাটার সাথে সোমবার থেকে শুরু হওয়া বাংলাদেশ সরকারের চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা বুধবার শেষ হতে যাচ্ছে। জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান মঙ্গলবার সকালে এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি সাংবাদিকদের জানান, ‘গ্যাস এবং বিদ্যুতের দামের প্রশ্নে সমঝোতা হোক বা না হোক কালই (বুধবার) আলোচনা শেষ হবে।’

তিনি বলেন, ‘নেগোসিয়েশনে দুই পক্ষ যে সকল বিষয় ঐকমত্য হতে পারবে না তা ওই বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটিতে যাবে।’

এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, কেবলমাত্র অর্থনেতিক নয়, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে টাটার বিনিয়োগ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে সকালে টাটা উৎপাদিত বিদ্যুতের দাম কি হবে তা নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, এ ব্যাপারে বুধবার সকালে আবার আলোচনা বসবে।

তিনি জানান, টাটার পক্ষ থেকে বিদ্যুতের দাম নির্ধারণে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবটি পূর্ণাঙ্গ নয় বিধায় আগামীকালের (বুধবারের) সভায় পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়। টাটা বুধবার সকালে বিদ্যুৎ সচিব আ.ন.হ আখতার হোসাইনের সাথে বৈঠক করবে।

এদিকে মঙ্গলবার টাটা প্রতিনিধি দল জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথেও দেখা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাসের দাম নির্ধারণ এবং বড়পুকুরিয়া কয়লা খনি নিয়ে পেট্রোবাংলার সাথে তাদের আলোচনা অব্যাহত ছিল।