২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক দায়মুক্তি বিলের বিরুদ্ধে জনমত গঠনে কর্মসূচি প্রদান

‘বিশ্বব্যাংক ইম্যুনিটি বিরোধী জোট’ বিশ্বব্যাংকের দায়মুক্তি সংক্রান্ত প্রস্তাবিত বিলের বিরুদ্ধে জনমত গঠনে ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে। ৭০ টি বেসরকারি সংস্থার সমন্বয়ে এই জোট গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

জোটের আহবায়ক গোলাম রসুল মঙ্গলবার ঢাকা রির্পোটাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। উপস্থিত ছিলেন মিজানুর রহমান আপেল, মোস্তফা মনোয়ার, আহমেদ স্বপন মাহমুদ প্রমুখ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৮ ও ৯ ফেব্রুয়ারি স্পীকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যদের স্মারকলিপি প্রদান, ১৩ ফেব্রুয়ারি সকল জেলায় সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পীকার, ডেপুটি স্পীকার ও আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল ও সকল জেলায় বিক্ষোভ সমাবেশ, ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ এবং ১৬ ফেব্রুয়ারি সংসদ ভবন অভিমুখে যাত্রা ও মানববন্ধন।

সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এ বিল পাশ হওয়ার সম্ভবনার কথা উল্লেখ করে গোলাম রসুল বলেন, সারা দেশের নাগরিকদের মধ্যে জন সচেতনতা তৈরি করার জন্য এসব  কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

নেতারা বলেন, ২০০৪ সালে মন্ত্রীসভায় ‘দ্য ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অর্গানাইজেশন (এমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০০৪’ খসড়া অনুমোদনের পর থেকে এ পর্যন্ত সকল পর্যায়ে বিভ্রান্তি ছড়িয়ে আইনটি পাশ করার চেষ্টা চলছে।

তারা বলেন, বিশ্বব্যাংকে প্রাতিষ্ঠানিক দায়মুক্তি দেওয়ার অর্থই হবে সার্বজনীন মৌলিক মানবাধিকার খর্ব করা। ঘানা ও আমেরিকা ছাড়া পৃথিবীর কোথাও বিশ্ব ব্যাংককে এ ধরণের দায়মুক্তি দেওয়া হয়নি।

তারা আরো বলেন, বাংলাদেশ থেকে দায়মুক্তি আদায় করার পর বিশ্বব্যাংক পৃথিবীর গরীব দেশগুলোর কাছ থেকে এ ধরণের বেআইনি দায়মুক্তি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে।