বিশ্ব বাণিজ্য সংস্থার জন্য কৌশল নির্ধারনের উপর গুরুত্বারোপ
ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতৃবৃন্দ সোমবার এক সেমিনারে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অধীনে হংকংয়ের মন্ত্রী পর্যায়ের সম্মেলন-পরবর্তী সমঝোতার আলোচনা থেকে লাভবান হতে কার্যকর কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
চিটাগাং অ্যাপারেল, ফ্যাব্রিক্স অ্যান্ড একসেসরিজ এক্সপজিশন (কাফাক্সপো) এর তিনদিনের প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘ডব্লিউটিও হংকং মিনিস্টারিয়াল: আওয়ার রোডম্যাপ’ এর উপর সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক, বিজিএমইএ’র পরিচালক এস এম ফজলুল হক ও প্রথম ভাইস প্রেসিডেন্ট আবু তায়েব অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম এ তাসলিম সেমিনারের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তোফায়েল আহমেদ বলেন, বাণিজ্য, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে হংকংয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে আমরা কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছি।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের ব্যর্থতা ফুটে ওঠেছে। এর ফলে আফ্রিকার তুলা উৎপাদনকারী গরীব দেশগুলো লাভবান হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান ব্যর্থতার অভিযোগ অস্বীকার করে বলেন, হংকংয়ে মন্ত্রী পর্যায়ে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনার সময় দেশের স্বার্থ রক্ষা করতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল।
তবে রিয়াজ রহমান স্বীকার করেছেন, বাংলাদেশের জন্য হংকংয়ের আলোচনা আরো ভাল হতে পারতো।
গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জাতীয়ভাবে অর্থপূর্ণ আলোচনার জন্য এক্ষেত্রে রিয়াজ রহমান পার্লামেন্ট ও তার স্ট্যান্ডিং কমিটিকে সক্রিয় করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠান, মন্ত্রণালয়-সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিদের নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উপর একটি টাস্কফোর্স গঠন এবং জেনেভার আলোচনায় যোগদান করতে যাওয়ার আগে প্রয়োজনীয় হোমওয়ার্ক করতে সেমিনারে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
