বাংলাদেশ-টাটা আলোচনা শুরু: প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্যে টাটার ১ ডলারের প্রস্তাব
ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি টাটার সাথে সোমবার বাংলাদেশ সরকারের চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। এতে টাটার পক্ষ থেকে প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্যে এক ডলার প্রদানের প্রস্তাব করা হয়েছে।
তবে টাটার এ প্রস্তাবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও জ্বালানি কর্পোরেশন পেট্রোবাংলা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সূত্র জানায়, মঙ্গলবারের আলোচনায় টাটাকে আন্তর্জাতিক মূল্যে গ্যাস দেওয়ার কথা জানাবে পেট্রোবাংলা। টাটা গ্যাস সরবরাহের নিশ্চয়তা, কর অবকাশ ও অন্যান্য সহায়তা চাওয়ায় এটিই হবে পেট্রোবাংলার প্রধান দাবি। অর্থাৎ সিঙ্গাপুরের বাজার দর ও পরিবহন খরচ দিয়েই গ্যাস কিনতে হবে টাটাকে।
সূত্র আরও জানায়, স্থানীয় বা বিদেশি কোনও কোম্পানির বিদ্যুৎ, সার ও অন্যান্য কারখানায় পেট্রোবাংলা বা এর কোনও কোম্পানি নির্দিষ্ট সময়ের জন্যে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেবে না।
বাংলাদেশে প্রস্তাবিত আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রে গ্যাসের দাম ও কয়লা খনির বিষয়ে সিদ্ধান্ত নিতে টাটা বুধবার পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে।
সোমবারের আলোচনার ফলাফল সম্পর্কে কোনও কিছু জানাতে অস্বীকার করে পেট্রোবাংলার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বুধবারের মধ্যে দরকষাকষি শেষ করতে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
তবে এ সময়ের মধ্যেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন বলে টাটার বাংলাদেশ প্রধান মানজার হোসেন আশা প্রকাশ করেন।
সোমবারের বৈঠকে টাটা সন্স লিমিটেড এর পরিচালক অ্যালান রোজলিং, বাংলাদেশে টাটা প্রকল্পের প্রধান ইন্দ্রনীল সেনগুপ্ত ও পেট্রোবাংলার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
