ডায়নামিক হোল্ডিংসের কাছে অ্যাপেক্সের নিয়ন্ত্রণ হস্তান্তরে এসইসি’র সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ
এক মিলিয়ন শেয়ার হস্তান্তর এবং ডায়নামিক হোল্ডিংস লিমিটেডের কাছে অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দেয়া আদেশের উপর হাইকোর্ট চার মাসের স্থগিতাদেশ দিয়েছেন।
অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের এক রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে হাইকোর্ট রোববার এ রুল জারি করেন। এক মিলিয়ন শেয়ার ও ডায়নামিক হোল্ডিংস লিমিটেডের কাছে অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা দায়িত্ব হস্তান্তরকে কেন অবৈধ ঘোষণা করা হবে না হাইকোর্ট এই মর্মে এসইসি’কে কারণ দর্শাতে বলেছেন।
বিচারপতি আওলাদ আলী ও জিনাত আরা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে রুলটির জবাব দিতে হবে।
এসইসি ২৬ জানুয়ারি এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিল্স লিমিটেডের এক মিলিয়ন শেয়ার কিনতে ডায়নামিক হোল্ডিংস লিমিটেডকে অনুমতি দেয়। ক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্নের পর কোম্পানির ব্যবস্থাপনা ডায়নামিক হোল্ডিংসের কাছে হস্তান্তর করতে এসইসি এপেক্স লিমিটেডের প্রতি আদেশ দেয়।
এসইসি’র দেয়া আদেশকে চ্যালেঞ্জ করে এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের পক্ষে হারুন-অর-রশিদ হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আদালতে আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
সূত্র জানায়, আইসিবি’র কাছ থেকে অ্যাপেক্সের এক মিলিয়ন শেয়ার ক্রয়ের পর ডায়নামিক হোল্ডিংসের নির্ধারিত শেয়ারের অনুপাত হবে ২৮ শতাংশ। আইসিবি এক মিলিয়নের প্রতিটি শেয়ার ১১২ টাকায় ডায়নামিক হোল্ডিংসের কাছে বিক্রি করেছে।
