কানসাট ট্র্যাজেডির বিচার দাবিতে যশোরে ১৪ দলের ঘেরাও কর্মসূচিতে বাধা
কানসাটে বিদ্যুৎ গ্রাহকদের হত্যার তদন্ত ও অপরাধীদের শাস্তিসহ ছয় দফা দাবিতে সোমবার ১৪ দলের যশোর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার কারণে অনুষ্ঠিত হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ দল যশোর সদর উপজেলার উদ্যোগে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি বেলা ১১টার দিকে শুরু হয়। মূল কর্মসূচির আগে সংঘঠনের নেতাকর্মীরা যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে সমাবেশ করেন।
আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাসদ নেতা রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির জিল্লুর রহমান ভিটু, গণফোরামের এনামুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে মিছিল নিয়ে তপসীডাঙ্গা পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পুলেরহাট ব্রিজের কাছে মিছিলটি থামিয়ে দেয়। কর্মসূচিতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা পুলিশ ব্যারিকেডের সামনে সমাবেশ করে।
এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির জিএম নজরুল ইসলাম এবং চেয়ারম্যান বদরুদ্দিনের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ১৪ দলের স্মারকলিপি গ্রহণ করেন।
