২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাণিজ্য সংস্থার ওপর আলোচনায় সমঝোতা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

রাজধানীতে রোববার আয়োজিত এক সেমিনারে বক্তারা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাথে আলোচনায় দেশের স্বার্থ রক্ষা করতে সমঝোতা দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন। ডিসিসিআই সভাপতি এম এ মোমেন সেমিনারে সভাপতিত্ব করেন।

ক্ষমতাসীন সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্য সচিব আলমগীর ফারুক চৌধুরী, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. তৌফিক আলী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন সেমিনারে অংশগ্রহণ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে আলোচনায় বাংলাদেশ যেন হেরে না যায়, তা নিশ্চিত করতে সমঝোতা দক্ষতা বাড়াতে বাংলাদেশের সামনে কোন বিকল্প নেই।

তিনি বলেন, হংকংয়ের মন্ত্রী পর্যায়ের ফলোআপ বৈঠকে বেসরকারি খাতকে অন্তর্ভূক্ত করতে তাদের পক্ষ থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার হংকংয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে বাংলাদেশের কোনও প্রাপ্তি না ঘটার অভিযোগ অস্বীকার করে ড. তৌফিক আলী বলেন, ৯৭ শতাংশ ট্যারিফ লাইনের আওতায় বাংলাদেশ-সহ স্বল্পোন্নত দেশগুলো তাদের পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পেয়েছে।

তিনি বলেন, অবশিষ্ট তিন শতাংশ ট্যারিফ লাইনের আওতায় পণ্যের বাজার প্রবেশাধিকার এপ্রিলের নির্ধারিত ফলোআপ বৈঠকে অর্জিত হতে পারে।