জেইসি বৈঠকে যোগ দিতে হ্যানয়ের উদ্দেশে অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠেয় বাংলাদেশ ভিয়েতনাম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে যোগ দিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার ঢাকা ত্যাগ করেছেন।
তিন দিনব্যাপী জেইসি বৈঠক সোমবার থেকে শুরু হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থমন্ত্রীর এ সফর এশিয়ার দুটি দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধমে ভিয়েতনাম কৃষিখাতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। বৈঠকে কৃষিখাতের উন্নয়নের জন্য বাংলাদেশ ভিয়েতনামের সহযোগিতা চাইবে।
তারা আরও জানান, এছাড়া বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়া আমদানির ব্যাপারে ভিয়েতনামের প্রতি আহ্বান জানাবে।
গত বছর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হ্যানয় সফরের পর জেইসি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর তিন দিনের সফরে দু’ দেশের প্রধানমন্ত্রী ২০০৮ সালের মধ্যে ১০ কোটি মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপারে একমত হন।
ওই বৈঠকে দু’ দেশের মধ্যে বিমান যোগাযোগের প্রস্তাব নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি এ ব্যাপারে দু’ পক্ষের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তবে দু’ দেশের মধ্যে বিমান চলাচল এখনও শুরু হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফরকালে সাইফুর রহমান ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন এবং হ্যানয় ট্রেড কর্পোরেশন পরিদর্শন করবেন।
তিন দিনের সফর শেষে দেশে ফেরার আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রী অগ্রণী রেমিটেন্স হাউজ উদ্বোধনের লক্ষ্যে মালয়েশিয়ায় যাত্রাবিরতি করবেন। ১১ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায়ের প্রতিনিধি বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রীর সাথে ভিয়েতনাম সফর করছেন।
ভিয়েতনামের সাথে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ বাণিজ্য উদ্বৃত্ত ভোগ করছে।
জেইসি গঠনের ব্যাপারে ১৯৯৭ সালে দু’ দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হয় জেইসির প্রথম বৈঠক।
