২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-টাটা চূড়ান্ত পর্যায়ের আলোচনা সোমবার শুরু

টাটার বিনিয়োগ প্রস্তাবের অমীমাংসিত বিষয়সমূহ নির্ধারণের জন্যে সোমবার থেকে বাংলাদেশ সরকার ও টাটার মধ্যকার চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা আবারো শুরু হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন মধ্যস্থতাকারী দলের প্রধান যোগাযোগ সচিব। অপরদিকে টাটার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক মানজার হোসেন এবং টাটা স্টিলের পরিচালক ইন্দ্রনীল সেনগুপ্ত।

টাটার প্রস্তাবিত আড়াই শ’ কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যে ৭ জানুয়ারি চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু হয়। কিন্তু ঈদুল আযহার কারণে ২২ জানুয়ারি পর্যন্ত এ আলোচনা স্থাগিত রাখা হয়। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি পুনরায় আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়া হয় বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়।

সোমবারের টাটা-বাংলাদেশ আলোচনার ব্যাপারে রোববার জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদর রহমানের সভাপতিত্বে মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জ্বালানি মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, গ্যাস ও কয়লার দাম নির্ধারণ বাদে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। তাই এ পর্যায়ের আলোচনা খুবই তাৎপর্যপূণ।

বিনিয়োগ বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা ইতোমধ্যেই তিন পর্যায়ের আলোচনা শেষ করেছি এবং আশা করছি এ পর্যায়ের আলোচনার মাধ্যমে বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

এ পর্যায়ের আলোচনায় কয়লা খনি ও গ্যাস সরবরাহ এবং গ্যাসের দাম নির্ধারণের মতো মৌলিক বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে তিনি জানান।

বৈঠকের একটি সূত্র বিডিনিউজকে জানান, রোববারের প্রস্তুতি সভায় টাটাকে কিভাবে গ্যাস ও কয়লা দেওয়া হবে সে ব্যাপারে আলোচনা হয়।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সরকার তার নিজস্ব সম্পদ দিয়ে বড়পুকুরিয়া কয়লা খনি গড়ে তুলেছে। তাই একটি তৈরি খনি থেকে কয়লা সরবরাহের আগে সরকারকে দাম নির্ধারণের ব্যাপারে দ্বিতীয়বার ভেবে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।

কর অবকাশের ব্যাপারে অপর একটি সূত্র জানায়, সরকারের বিদ্যমান নীতিমালা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড টাটাকে পাঁচ বছর মেয়াদী কর অবকাশ দিতে প্রস্তুত।

এর আগে টাটার একজন সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন যে, গ্যাস সরবরাহ ও দাম নির্ধারণের ব্যাপারে মতপার্থক্যের কারণে টাটা বাংলাদেশে তাদের আড়াই শ’ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ বাদ দেবে।

টাটা সন্স’র পরিচালক জে জে ইরানি কলকাতায় গত ডিসেম্বরে বলেছিলেন, ‘আমরা যে দামে গ্যাস চেয়েছি সে দামে না পেলে সেখানে ব্যবসা করার কোনও উপায় নেই’।

তিনি বলেন, বাংলাদেশে যেহেতু কোনও আকরিক লৌহ নেই, তাই  গ্যাসই একমাত্র ভরসা।