২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান, গ্যান্ট্রি ক্রেনের ২৫ শতাংশ খরচ দেবে বিএসএএ

গ্যান্ট্রি ক্রেন ব্যবহারের চার্জকে (ভাড়া) কেন্দ্র করে চট্টগ্রাম সমুদ্র বন্দরের অচলাবস্থার অবসান হয়েছে। শনিবার বিকেলে তিনদিন ধরে চলা এ অচলাবস্থার অবসান হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সাথে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ), এফবিসিসিআই, বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নেতৃবৃন্দ ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে ফলপ্রসূ আলোচনা শেষে এ অচলাবস্থার অবসান হয়।

চট্টগ্রাম বন্দর রেস্ট হাউজে বিকেল পৌনে ৪টা থেকে শুরু হয়ে প্রায় এক ঘন্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ) আগামী তিন মাসের জন্যে গ্যান্ট্রি ক্রেনের মোট চার্জের ২৫ শতাংশ খরচ বহন করতে সম্মত হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সদস্য (অপারেশন) আহমেদ আবুল কাশেমকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যদের মধ্যে রয়েছেন সিপিএ’র দুইজন, বিএসএএ’র তিনজন এবং এফবিসিসিআই, বিজিএমইএ, সিসিসিআই, বন্দর ব্যবহারকারী ও বাংলাদেশ শিপারস কাউন্সিলের একজন করে প্রতিনিধি।

বৈঠক শেষে সিপিএ চেয়ারম্যান এএমএম শাহাদত চৌধুরী বিডিনিউজকে বলেন, শনিবার বিকেল সোয়া ৩টা থেকে বন্দরে জাহাজ ভিড়তে শুরু করেছে। তবে বিএসএএ জাহাজ নোঙ্গর বন্ধ করে দেওয়ার কারণে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) বৃহস্পতিবার সকাল থেকে ১৩টি কন্টেইনার--বোঝাই নৌযান বহিঃনোঙ্গর বন্দরে আটকা পড়ে রয়েছে।

সিপিএ সভাপতি এএমএম শাহাদত হোসেন, সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, বিএসএএ চেয়ারম্যান ড. পারভেজ আখতার সাজ্জাদ, বাংলাদেশ শিপারস কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলী, বন্দর ব্যবহারকারীদের পক্ষে তারিক আনিস ও এফবিসিসিআইর পক্ষে আমিরুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সাথে বিজিএমইএ, এফবিসিসিআই ও বন্দর ব্যবহারকারী নেতৃবৃন্দের একাধিক বৈঠক কোনও ফলাফল ছাড়াই শেষ হয়।

গ্যান্ট্রি ক্রেন ব্যবহারের চার্জ প্রত্যাহারের দাবিতে বিএসএএ রোববার রাত ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করা ও বন্দর থেকে ছেড়ে যাওয়া সকল ফিডার নৌযানের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) বৈঠকের মাধ্যমে বিএসএএ ও সিপিএ’র মধ্যকার দূরত্ব দূর করার যে চেষ্টা করেছিল, তাও ব্যর্থ হয়েছে। এর ফলে বন্দরে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

যদিও বিএসএএ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্দর ব্যবহার বয়কট করার ঘোষণা দিয়েছিল।

এছাড়াও তারা তাদের দাবির পক্ষে ৩০ জানুয়ারি নৌ মন্ত্রী কর্তৃক গ্যান্ট্রি ক্রেনের উদ্বোধনী অনুষ্ঠানও বর্জন করে।

বিএসএএ পরবর্তী ছয়মাসের জন্যে বিনা খরচে গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করতে দেওয়ার দাবি জানায়। কিন্তু নৌ পরিবহন মন্ত্রী ঘোষণা দেন যে, পরবর্তী দু’মাসের জন্যে গ্যান্ট্রি ক্রেন ব্যবহারের ক্ষেত্রে সাধারণ ক্রেন ব্যবহারের চার্জের চেয়ে পঞ্চাশ শতাংশ কম চার্জ রাখা হবে। মন্ত্রীর এ ঘোষণা  সরাসরি প্রত্যাখ্যান করে বিএসএএ বিক্ষোভ কর্মসূচি শুরু করে।