বিশ্ববাজারে বাংলাদেশের প্লাস্টিক সামগ্রীর জনপ্রিয়তা বাড়ছে
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি প্লাস্টিক সামগ্রীর গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।
প্লাস্টিক পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২০০৪ সালে ১৬০ কোটি টাকার বেশি আয় করে। ২০০৩ - ২০০৪ অর্থ বছরে এ খাতে রপ্তানি বৃদ্ধির হার ছিলো ৮১ ভাগ আর ২০০৪ - ২০০৫ সালে অর্থ বছরে ছিলো ৮০ দশমিক ৭৬ ভাগ।
প্রতিবছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যাণ্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যাণ্ড, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নিউজিল্যাণ্ড, ভারত, শ্রীলংকা ও নেপালসহ ৫৫টি দেশে বাংলাদশের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়।
এ শিল্পের উদ্যোক্তারা জানান, সরাসরি রপ্তানি ছাড়াও গার্মেন্টস, ওষুধ এবং ফুড প্রসেসিং শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে প্লাস্টিক ব্যাপক ভূমিকা রাখছে। ইপিবি’র তথ্য অনুযায়ী পোশাক শিল্পে ব্যবহৃত হ্যাঙ্গার, বাটারফ্লাই, ক্লিপ, নেকবোর্ড, পলিব্যাগসহ প্রায় ২০টি এক্সেসরিজ দেশেই তৈরি হয়।
বিজিএমইএ’র প্যানেল সভাপতি এসএম ফজলুল হক বলেন, আগে এক্সেসরিজের সবই বিদেশ থেকে আমদানি করতে হতো। তাতে খরচ অনেক বেড়ে যেতো, সময়েরও অপচয় হতো। এখন এসব প্লাস্টিক পণ্য আমাদের নাগালের মধ্যে।
এ শিল্পের উদ্যোক্তারা জানান, তৈরি পোশাকের সাথে এক্সেসরিজ হিসেবে ছাড়া এককভাবেও এগুলো এখন বিদেশে রপ্তানি হয়। এছাড়া হাউজহোল্ড আইটেম, অফিস স্টেশনারি, তরল ও গুড়ো খাবারের প্যাকেজিংসহ অন্যান্য প্লাস্টিক পণ্য উৎপাদনে বাংলাদেশ আন্তর্জাতিক মান অর্জন করেছে।
তারা বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত রক্তের ব্যাগ, স্যালাইন ব্যাগ, ক্যাপসুলের বডি ও স্ট্রিপ, ইনজেকশনের সিরিঞ্জ, ট্যাবলেট/ ক্যপসুলের কন্টেইনারসহ হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্য বাংলাদেশে উৎপন্ন হয়। বাংলাদেশ চিকিৎসা সংশ্লিষ্ট প্লাস্টিক পণ্য তৈরিতেও আন্তর্জাতিক মান অর্জন করেছে। ওষুধশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এসব পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হয়।
এছাড়া, তারা বলেন, নিজ দেশের চাহিদা মিটিয়ে কৃষি প্রযুক্তি সহায়ক প্লাস্টিক পণ্য জার্মানি, রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।
সঠিক দূরত্বে বীজ বপনের যন্ত্র হিসেবে ড্রামসিডার বিশ্বব্যাপী সুপরিচিত। প্লাস্টিকের তৈরি ড্রামসিগার এখন নিয়মিতভারে বাংলাদেশে তৈরি হচ্ছে। কীট পতঙ্গের হাত থেকে সুরক্ষা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যে যে পলিথিনের গ্রিনহাউজ তৈরি করা হয়, বাংলাদেশ ইতোমধ্যেই সে পলিথিন তৈরি ও বিদেশে রপ্তানি করে সুনাম অর্জন করেছে।
বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমই) সাধারণ সম্পাদক কে. এম ইকবাল হোসেন বলেন, প্লাস্টিক পণ্যের ডাইজ তৈরি করতে যে পরিমাণ বৈদেশিক মূদ্রা ব্যয় হয় তা যদি মোল্ড কারখানা স্থাপনের মাধ্যমে রোধ করা যায়, তাহলে আমরা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবো।
তিনি জানান, ইরানসহ আরো বহু দেশ মোল্ড কারখানা স্থাপন ও পেট্রোক্যামিক্যাল কমপ্লেক্স নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী।
বিপিজিএমই’র এক্সপোর্ট উইং এর চেয়ারম্যান শাহেদুল ইসলাম হেলাল বলেন, সম্ভাবনাময় শিল্পটি নিয়ে নীতিনির্ধারক মহলে সিদ্ধান্তহীনতা দেখা যায়। অর্থ মন্ত্রণালয় এই শিল্পের রপ্তানি পণ্যের দশভাগ নগদ সহায়তার কথা বলছে। অন্যদিকে পরিবেশ মন্ত্রণালয় পলিথিনের নতুন প্রতিষ্ঠান স্থাপন, লাইসেন্স প্রদান এবং নবায়নকে নিরুৎসাহিত করছে।
উদ্যোক্তারা বলেন, বাংলাদেশের প্লাস্টিক শিল্পে আর একটি আশার দিক হলো, বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষ করে চীন, ফ্রান্স, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা বাংলাদেশের প্লাস্টিক শিল্প খাতে বিনিয়োগের ব্যাপারে খুবই আগ্রহী।
উদ্যোক্তাদের মতে প্লাস্টিক শিল্পের উন্নয়নে একটি প্লাস্টিক শিল্প নগরী স্থাপনও জরুরি। একই সময়ে বিদেশি ক্রেতাদের বহুবিধ পণ্যের প্রতি আকৃষ্ট করতে প্লাস্টিক শিল্পনগরী স্থাপনের বিকল্প নেই।
