২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএ-বিএসএএ বিবাদের কারণে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা দেখা দেয়ার আশংকা

নবস্থাপিত গ্যান্ট্রি ক্রেন ব্যবহারের চার্জকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে বিরোধের কারণে বন্দরে অচলাবস্থা দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমির বড়ুয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সিপিএ এবং বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশ (বিএসএএ) তাদের নিজ নিজ দাবি থেকে সরে না আসার পক্ষে দাঁড়ানোয় বিরোধ স্পষ্ট হয়ে ওঠে।

সিপিএ চেয়ারম্যান এএএম শাহাদত চৌধুরী জানান, বিএসএএ জাহাজ নোঙ্গর বন্ধ করে দেয়ার কারণে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) বৃহস্পতিবার থেকে নয়টি কন্টেইনার- বোঝাই নৌযান বন্দরে আটকা পড়ে রয়েছে। যদিও বিএসএএ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্দর ব্যবহার বয়কট করার ঘোষণা দিয়েছিল।

গ্যান্ট্রি ক্রেন স্থাপনের কারণে আরোপিত চার্জ পুনর্বিবেচনা করার দাবিতে রোববার রাত ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করা ও বন্দর থেকে ছেড়ে যাওয়া সকল ফিডার নৌযানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

অপরদিকে সিপিএ কর্মকর্তারা গ্যান্ট্রি ক্রেন স্থাপনের ফলে আরোপিত চার্জ অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) বৈঠকের মাধ্যমে বিএসএএ ও সিপিএ’র মধ্যকার দূরত্ব দূর করার যে চেষ্টা করেছিল, তাও ব্যর্থ হয়েছে। এর ফলে বন্দরে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে বিএসএএ’র দাবিকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দেয়ায় সেখানকার পরিস্থিতির আরো অবনতি ঘটবে বলে আশংকা করা হচ্ছে।

সিপিএ চেয়ারম্যান শুক্রবার রাতে বিডিনিউজকে বলেন, সংলাপের রাস্তা এখনো খোলা রয়েছে। তবে তা বন্দরের কর্মকান্ড আংশিকভাবে থামিয়ে রেখে নয়।

সিপিএ চেয়ারম্যান বলেন, নৌযানের নোঙ্গর করার ব্যাপারে তাদের অবস্থান থেকে বিএসএএ’কে সরে আসতে হবে এবং তারপর সংলাপের জন্য আলোচনায় বসতে হবে।

বিএসএএ নেতৃবৃন্দ দাবি করেছেন, তারা তাদের দাবি প্রধানমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় এং সংশ্লিষ্ট কর্তৃৃৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত কোন পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

বিএসএএ পরবর্তী ছয়মাসের জন্য বিনা খরচে গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করতে দেয়ার দাবি জানিয়েছে। কিন্তু নৌ পরিবহন মন্ত্রী ঘোষণা দেন যে পরবর্তী দু’মাসের জন্য গ্যান্ট্রি ক্রেন ব্যবহারের ক্ষেত্রে সাধারন ক্রেন ব্যবহারের চার্জের চেয়ে পঞ্চাশ শতাংশ চার্জ কম রাখা হবে। মন্ত্রীর ঘোষণা বিএসএএ সরাসরি প্রত্যাখ্যান করে বন্দরে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

এ ব্যাপারে সিপিএ চেয়ারম্যান বলেন, কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে গ্যান্ট্রি ক্রেন ক্রয় করেছি। আর তাই বিনামূল্যে গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করতে দেয়ার কোন কারণ নেই।

তিনি বলেন, শিপিং এজেন্টদের কাছ থেকে আদায় করার জন্য আমরা যে চার্জ ধার্য করেছি তার হারটি ১৯৮৬ সালে প্রণীত করা হয়েছে। আর কোন বন্দরে ওই চার্জের কার্যকারিতা নেই।

শুক্রবার এক বিবৃতিতে বিএসএএ জানায়, বন্দরে কোন ধরনের অবকাঠামোগত উন্নয়ন না ঘটিয়ে গ্যান্ট্রি ক্রেনের ক্ষেত্রে যে নতুন চার্জ আরোপ করা হয়েছে তা অনেক বেশি।

বিবৃতিতে বলা হয়, যন্ত্রপাতি ক্রয়ের দিকে সিপিএ যতটা আগ্রহী, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির দিকে তাদের আগ্রহ ততটাই কম।