২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য নিরসনে ফলপ্রসূ উদ্যোগ নিতে সরকারকে সহায়তা দেবে এডিবি

দারিদ্র্য নিরসনে ফলপ্রসূ উদ্যোগ নিতে সরকারের গৃহীত ব্যবস্থা ও কর্মকাণ্ডকে আরও জোরদার করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) একটি প্রকল্প হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্নয়ন সাফল্যের জন্যে ব্যবস্থাপনা কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে বৃটেনের দারিদ্র্য নিরসন সহযোগিতা তহবিল থেকে এ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারকে ১ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার কারিগরি সহায়তা অনুদান দেওয়া হবে বলে ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপাল ও পাকিস্তান সরকারকে সাহায্যের জন্যেও এ ধরনের প্রকল্প চালু করা হবে।

এডিবি’র দক্ষিণ এশিয়া বিভাগের উপ মহাপরিচালক জন সামি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রায় এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে, উন্নয়ন সাফল্য বৃদ্ধির দায়িত্ব উন্নয়নশীল সদস্য রাষ্ট্র ও তাদের উন্নয়ন অংশীদার উভয় পক্ষের।

এতে বলা হয়, তিনটি দেশের  উন্নয়ন সাফল্য ব্যবস্থাপনা প্রণয়ন এবং প্রত্যেকের কর্মপরিকল্পনা তৈরিতে সহায়তা করবে এ কারিগরি অনুদান। এছাড়াও এ প্রকল্পের আওতায় এডিবি’র অর্থায়নে পরিচালিত বেশ কিছু তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য উন্নয়ন সাফল্য ব্যবস্থাপনা কর্মকাণ্ড পরীক্ষা করে দেখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।    

এডিবি’র প্রধান অর্থনীতিবিদ জিবা ফারহাডিয়ান লোরি বলেন, এ প্রকল্পের মাধ্যমে আমাদের উন্নয়ন অংশীদাররা পরিকল্পনা, সম্পদ বন্টন ও তাদের উন্নয়ন সম্পদের জবাবদিহিতার জন্যে তাদের নিজস্ব ব্যবস্থার ওপর আর বেশি নির্ভর করতে পারবে।

এডিবি জানায়, প্রকল্পের মোট ব্যয় ১ দশমিক ৯ মিলিয়ন ডলারের মধ্যে কর্মকর্তা-কর্মচারি, অফিস ভাড়া ও উপযোগিতা বাবদ সংশ্লিষ্ট দেশের সরকারগুলো বহন করবে এক লাখ ডলার।