পেঁয়াজ, আলুর দাম কমেছে, চালের দাম অপরিবর্তিত
রাজধানীর কাঁচাবাজারে এ সপ্তাহে পেঁয়াজ, আলু, টমেটো ও সীমের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে চালের দাম অপরিবর্তীত এবং মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে।
মোটা ও সরু উভয় ধরনের চাল ছাড়াও সয়াবিন, চিনি, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
খুচরা বাজারে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে দুই টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ১৫ থেকে ১৬ টাকা।
কেজি প্রতি এক টাকা কমে এ সপ্তাহে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ১০ থেকে ১১ টাকায়। এছাড়া সীমের দাম প্রতি কেজিতে চার টাকা কমেছে। এ সপ্তাহে প্রতি কেজি সীম বিক্রি হয়েছে ১২ থেকে ১৬ টাকায়।
গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি টমেটোর দাম ৬ থেকে ৪ টাকা কমেছে। এ সপ্তাহে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা ও পাকা টমেটো ১২ থেকে ১৬ টাকায় বিক্রি হয়েছে।
গত সপ্তাহে যেখানে মাঝারি ও বড় আকারের একজোড়া ইলিশ মাছের দাম ছিল ২৫০ থেকে ৩৫০টাকা চলতি সপ্তাহে তা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
কারওয়ান বাজারে ইলিশ মাছের খুচরা বিক্রেতা শামীম জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতিটি ইলিশের দাম ৫০ টাকা বেশি। গরম না আসা পর্যন্ত ইলিশের বাড়তি দাম অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।
শীতকালীন সবজি বেগুন, বাঁধাকপি ও ফুলকপির দাম গত সপ্তাহে বৃদ্ধি পেলেও এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে। বেগুন, বাঁধাকপি ও ফুলকপির দাম গত সপ্তাহে চার থেকে ছয় টাকা বৃদ্ধি পেয়েছিল।
এ সপ্তাহে একটি মাঝারি আকৃতির ফুলকপি ১৫ টাকা এবং একটি বাঁধাকপি ১০ থেকে ১২ টাকায় বিক্রি হয়েছে।
তবে অন্যান্য সবজি শালগম, কাঁচা মরিচ, গাজর ও করলার দাম অপরিবর্তিত রয়েছে।
চালের বাজারে বিভিন্ন রকম মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি মোটা চাল ১৬ টাকা ৩০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা এবং খুচরা বাজারে ১৮ থেকে ১৯ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মিনিকেট ও নাজিরশাইলসহ প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ২২ থেকে ২৮ টাকার মধ্যে।
