২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরএসপি বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করবে সরকার

দারিদ্র নিরসন কৌশলপত্র বাস্তবায়ন অগ্রগতি, গবেষণা ও মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ, সুশীল সমাজ, এনজিও ও ব্যক্তিখাতের প্রতিনিধিদের সমন্বয়ে সরকার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করতে যাচ্ছে। এর ফলে কমিটি সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ মূল্যায়ন করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নাম গোপন রাখার শর্তে পরিকল্পনা কমিশনের একজন সদস্য বৃহস্পতিবার বিডিনিউজকে জানান, কমিটিটি এখন প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সরকারের প্রভাবশালী স্টিয়ারিং কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল সিদ্দিকীর সভাপতিত্বে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে স্টিয়ারিং কমিটি দারিদ্র নিরসন কৌশলপত্র বাস্তবায়ন পর্যবেক্ষক কমিটি গঠন করার প্রস্তাব দেয়।

স্টিয়ারিং কমিটির বৈঠকে বলা হয়, দারিদ্র নিরসন কৌশলপত্র বাস্তবায়ন নিরপেক্ষ ও কার্যকরভাবে পর্যবেক্ষণ করার জন্য স্টিয়ারিং কমিটি এ ধরনের কমিটি গঠনের প্রস্তাব দেয়।

প্রস্তাবিত কমিটির সদস্য কারা হতে পারেন এ প্রশ্নের জবাবে স্টিয়ারিং কমিটির একজন সদস্য বলেন, প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ইউনুস, নেতৃস্থানীয় এনজিও কর্মী ড. জাফরুল্লাহ খানের নাম বৈঠকে উত্থাপিত হয়েছে।

পরিকল্পনা কমিশনের আওতাধীন জেনারেল ইকোনোমিক ডিভিশনের (জিইডি) কর্মপরিধি পূনর্নির্ধারণের জন্য স্টিয়ারিং কমিটির বৈঠকে উপদেশ দেয়া হয়েছে। কেননা, কমিটির মতে, দারিদ্র নিরসন কৌশলপত্র বাস্তবায়ন প্রক্রিয়ার ফোকাল পয়েন্ট হিসেবে জিইডি’র কাজ করা উচিত।

দারিদ্র নিরসন কৌশলপত্র বাস্তবায়নে কাজ করার সময় বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও প্রস্তাবিত স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মধ্যে কোন সংঘাত থাকবে না বলে বৈঠকে উল্লেখ করা হয়।

স্টিয়ারিং কমিটির বৈঠকে আরো বলা হয়, পিআরএসপি বাস্তবায়নের উন্নততর ব্যবস্থাপনার জন্য স্বাধীন কমিটি ও স্টিয়ারিং কমিটি যৌথভাবে সভায় মিলিত হতে পারে।

২০০৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত পিআরএস বাস্তবায়ন ফোরামের বৈঠকে দাতা গোষ্ঠীর উত্থাপিত প্রস্তাবিত জয়েন্ট টাস্কফোর্সের কর্মকান্ড কমিটির কারণে বাধাগ্রস্ত হবে না বলে স্টিয়ারিং কমিটির বৈঠকে বলা হয়।

বছরে বর্তমান ১ দশমিক ৫ শতাংশ হারে দরিদ্রতা হ্রাসের পরিবর্তে বছরে ৩ দশমিক ৩ শতাংশ হারে দরিদ্রতা হ্রাস করার মাধ্যমে ২০১৫ সালের মধ্যে দেশের অর্ধেক দরিদ্রতা হ্রাস করতে সরকার ২০০৫ সালের ১৬ অক্টোবর ‘‘আনলকিং দ্য পটেনশিয়াল: ন্যাশনাল স্ট্র্র্যাটেজি ফর অ্যাকসিলারেটেড পভারটি রিডাকশন” শিরোনামের চূড়ান্ত দলিলের অনুমোদন দেয়।