২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অদৃশ্য হাতের মাধ্যমে টেন্ডার ব্যয় কোনো কারণ ছাড়াই বেড়ে যায়: সাইফুর রহমান

অদৃশ্য হাতের মাধ্যমে কোন কারণ ছাড়াই টেন্ডার ব্যয় বেড়ে যায় এবং বাজেট হওয়ার দু’মাসের মধ্যে প্রকল্প ব্যয়ও বেড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে বাংলাদেশে সরকারি ব্যয় ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।

ব্যয় নিয়ন্ত্রণ করতে ম্যানুয়ালের পরিবর্তে বাজেটারি প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী ও সচিবরা বাজেটারি প্রক্রিয়াকে অবহেলা করে।

সাইফুর রহমান বুধবার সরকারি ব্যয় ব্যবস্থাপনা ম্যানুয়াল এবং আভ্যন্তরীন নিয়ন্ত্রণ ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ডিএফআইডি প্রধান ডেবিট উড, আসিফ আলী, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ, অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এফএমআরপি’র প্রকল্প পরিচালক আরাস্ত খান।

স্বাস্থ্য ও সড়ক খাতে দূর্নীতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, হাসপাতালের এক্সরে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করলেও দু বছরে তা খোলা হয় না। ১০ কোটি টাকা দিয়ে এক প্রকল্পে ১০ মাইল সড়ক তৈরি হয় আবার কারণ ছাড়াই অন্য প্রকল্পে দু’ মাইল সড়ক তৈরি করতে একই পরিমাণ অর্থ ব্যয় হয়। 

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তারা যদি নীতি ও নৈতিকতা ছাড়াই সুষ্ঠুভাবে ব্যয় না করেন তাহলে নীতিমালা দিয়ে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা না হলে শুধু ম্যানুয়াল দিয়ে নিয়ন্ত্রণ করা অসম্ভব, বরং সরকারের সামগ্রিক কর্মকাণ্ড বাজেটারি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে।

অর্থমন্ত্রী বলেন, গত ১৩ বছরের অভিজ্ঞতায় একজন রাজনীতিবিদ হিসেবে আমি হতাশ, যা শিখে এসেছি তা কাজে লাগাতে পারিনি।

স্থানীয় সরকারকে ক্ষমতায়ন ও বাজেটে কর্তৃত্ব প্রদান করতে দাতাসহ অনেকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা নির্বাচনে জয়ের জন্যে কর আদায় করা হবে না বলে প্রতিশ্রুতি দেন। এ অবস্থায় কিভাবে বাজেট ব্যবস্থাপনা করা সম্ভব।

ডেবিট উড বলেন, ম্যানুয়াল অনুয়ায়ী কর্মরত কর্মকর্তাদের পুরস্কার ও তিরস্কার করার ব্যবস্থা থাকতে হবে। ফলে পিআরএসপি’র লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

তিনি বলেন, সব মন্ত্রণালয়ের জন্যে আভ্যন্তরীণ ম্যানুয়াল থাকা দরকার এবং বাংলাদেশের জনগণ তা দেখতে আগ্রহী। 

আসিফ আলী বলেন, পাবলিক সার্ভিসের ক্ষেত্রে ¯^চ্ছতার জন্যে ম্যানুয়াল দরকার।

এফএমআরপি’র ব্যাপারে সরকারের অঙ্গীকার বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।