ভারত আমদানি শুল্ক কমালে ঢাকার রপ্তানি বাড়বে
তৈরি পোশাক খাতে আমদানি শুল্ক কমানোসহ ভারত একতরফাভাবে বাণিজ্য উদারীকরণ নীতি অব্যাহত রাখলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভবনা রয়েছে। পাশাপাশি লাভবান হবে ভারতও।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র অর্থনীতিবিদ জায়েদী সাত্তার রোববার এক আলোচনা সভায় একথা বলেন।
ভারতে শিল্প পণ্যের গড় শুল্ক হার সাড়ে ১২ শতাংশ বলে উল্লেখ করে তিনি বলেন, তবে তৈরি পোশাক খাতে সুনির্দিষ্ট শুল্কসহ গড় শুল্ক ৪০ শতাংশ। যদিও সাফটার আওতায় বাংলাদেশ রপ্তানি করে ২৫ শতাংশ শুল্ক দিয়ে।
বিশ্বব্যাংকের “বাংলাদেশ ভারত বাণিজ্য, বাণিজ্য নীতিমালা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি” শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে তিনি এসব কথা বলেন।
জায়েদী বলেন, মার্কিন ও ইউরোপীয় বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রপ্তানিকারকরা বর্তমানে অধিক হারে মুনাফা করলেও ২০০৮ সালের পর চীনের ওপর থেকে কোটা উঠে গেলে মুনাফা হার হ্রাস পাবে। এর ফলে উন্নত দেশগুলোর পাশাপাশি ভারতে পোশাক রপ্তানিতে আগ্রহী হয়ে উঠবেন দেশীয় উৎপাদকরা।
তিনি জানান, ভারত-শ্রীলংকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পর শ্রীলংকা তৈরি পোশাক খাতে সাফল্য অর্জন করতে পারেনি।
বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় “ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সম্ভবনাময় এফটিএ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জায়েদী সাত্তার। সঞ্চালক ছিলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন অর্থনীতিবিদ আব্দুল বায়েস এবং বিশ্বব্যাংকের সিনিয়র যোগাযোগ কর্মকর্তা রেজওয়ান-উল-আলম । উপস্থিত ছিলেন মিডিয়া ওয়াচ অন ডেভেলপিং অ্যান্ড গ্লোবালাইজেশনের সদস্যরা।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি হলে তা হবে দুর্বল উল্লেখ করে জায়েদী বলেন, “আমরা মনে করি উভয় দেশ ব্যাপকভিত্তিক বাণিজ্য উদারীকরণ করলে ঝুঁকি কমার পাশাপাশি দেশ দু’টির অর্থনৈতিক সুবিধা অর্জন করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের আমদানি শুল্ক হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এ হার দ্রুত কমানো উচিত।
মোয়াজ্জেম হোসেন বলেন, শুধু আমদানি শুল্ক কমিয়ে বাণিজ্যে কোন সুবিধা অর্জন করা সম্ভব নয়। বরং বাণিজ্য বাড়ানোর জন্য অবকাঠামোসহ সংশ্লিষ্ট সুযোগসুবিধা নিশ্চিত করার পাশপাশি আমদানি শুল্ক হ্রাস করা উচিত।
তিনি বলেন, সমন্বিত কার্যক্রম ছাড়া শুধু মাত্র শুল্ক হ্রাস বাণিজ্য বৃদ্ধিতে কার্যকর কোন অবদান রাখে না।
