ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের জন্য আবেদন করেছে কেন্দ্রীয় ব্যাংক
ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি আবেদন পরীক্ষা-নিরীক্ষা করছে অর্থ মন্ত্রণালয়। অবশ্য ব্যাংকটির অন্তবর্তীকালীন নির্বাহী মনে করেন, কার্যক্রম বন্ধ করার পরিস্থিতি থেকে প্রতিষ্ঠানটি বেরিয়ে এসেছে। কারণ গত কয়েক মাসের অগ্রগতিতে ব্যাংকটি এখন স্থিতিশীল অবস্থার কাছাকাছি। বিস্তারিত জানাচ্ছেন সোহেল পারভেজ।
ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি আবেদন পরীক্ষা-নিরীক্ষা করছে অর্থ মন্ত্রণালয়। অবশ্য ব্যাংকটির অন্তবর্তীকালীন নির্বাহী মনে করছেন, কার্যক্রম বন্ধ করার পরিস্থিতি থেকে প্রতিষ্ঠানটি বেরিয়ে এসেছে। কারণ গত কয়েক মাসের অগ্রগতিতে ব্যাংকটি এখন স্থিতিশীল অবস্থার কাছাকাছি।
নাজুক আর্থিক অবস্থা ও কিছু বিনিয়োগকারীর মাধ্যমে প্রায় ছয়শ কোটি টাকা লোপাটের অভিযোগে এ মাসের প্রথম দিকে কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রনালয়ের কাছে ওরিয়েন্টাল ব্যাংককে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার আবেদন জানায়।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের একটি অনুসন্ধানে দেখা যায় যে ওরিয়েন্টাল ব্যাংকের কিছু বিনিয়োগকারী ব্লক অ্যাকাউন্ট ও ভাউচারের মাধ্যমে এ বছরের ১৯ জুন পর্যন্ত ৫৯৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। কেন্দ্রীয় ব্যাংক ১৯ জুন ব্যাংকটিকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেয়।
ব্যাংক-কোম্পানি আইন ১৯৯১ এর ৭৭ ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট এই আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই ধারা অনুসারে, ‘বাংলাদেশ ব্যাংকের নিকট যদি এই অর্থে প্রতীয়মান হয় যে, কোন ব্যাংক- কোম্পানির ব্যবসা সাময়িকভাবে স্থগিত করার কারণ রহিয়াছে, তাহা হইলে সেইরূপ আদেশ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট আবেদন করিতে পারে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ মন্ত্রনালয়ের এক উর্দ্ধতন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি পর্যালোচনাধীন আছে। আমরা এটির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক পরীক্ষা-নিরীক্ষা করছি।’
তবে সাময়িকভাবে ব্যাংকটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত বর্তমান নির্বাহি মোঃ আসাদুজ্জামান খান এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।
তার মতে, কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আসার পর ব্যাংকটির অবস্থার উন্নতি হয়েছে।
তিনি বলেন, “ব্যাংকটি স্থিতিশীল অবস্থার কাছাকাছি চলে এসেছে। আমরা গত কয়েক মাসে ৩৪৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছি। বর্তমানে ব্যাংকটির আমানতের পরিমান দুই হাজার ১০০ কোটি টাকা।”
ব্যাংকটি বন্ধ করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সরকার এই ধরনের কোন সিদ্ধান্ত নেবে না।”
ওরিয়েন্টাল ব্যাংক সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি একটি ওযার্কিং গ্রুপ গঠন করেছে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের একটি অনুসন্ধানে দেখা যায় যে, ওরিয়েন্টাল ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমান ব্যাংকটির মোট ঋণ অর্থাৎ ১হাজার ৮৩০ কোটি টাকার ৬২ শতাংশ।
ব্যাংকটির মুলধন ঘাটতির পরিমান ছিল ১হাজার ৮০০ কোটি টাকা এবং সার্বিক লোকসানের পরিমান জুন মাস পর্যন্ত ৪৯০ কোটি টাকায় দাড়ায়।
নিয়মানুযায়ী ব্যাংকটির ১হাজার ২৫০ কোটি টাকা ‘প্রভিশন’ রাখার কথা থাকলেও এর পরিমাণ ছিল মাত্র ৬ কোটি টাকা।
১৯৯৪ সাল থেকেই ব্যাংকটি সমস্যা-সংকূল বা ‘প্রবলেম ব্যাংক’ হিসেবে চিহ্নিত ছিল। ব্যাংকটির সামগ্রিক আবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকবার সমঝোতায় আসলেও তেমন কোনো আগ্রগতি দেখা যায়নি।
আল-বারাকা ব্যাংক হিসেবে ১৯৮৭ সালে যাত্রা শুরু করার পর ২০০৫-এ ওরিয়ন গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠান ব্যাংকটির ৮৩ শতাংশ শেয়ার কিনলে এটির নাম পরিবর্তিত হয়।
