২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ জানুয়ারি থেকে ঋণের সুদ কমাচ্ছে আশা

ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আশা ১ জানুয়ারি থেকে ঋণের ওপর সুদ (সার্ভিস চাজর্) কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আশার পরিচালনা পরিষদের চেয়ারপার্সন তাহেরুন্নেসা আব্দুল্লাহ শনিবার প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “ক্ষুদ্রঋণ (নারী) ও ক্ষুদ্র ব্যবসা ঋণের সুদ ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ দশমিক ৫০ শতাংশে আনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।”

এছাড়া হতদরিদ্র ঋণের ক্ষেত্রে সুদ দুই শতাংশ কমিয়ে ১০ শতাংশ করা হবে বলেও তিনি জানান।

অবশ্য ক্ষুদ্রঋণ (পুরুষ), ক্ষুদ্র উদ্যোগী ঋণ এবং শিক্ষাঋণের সুদ অপরিবর্তিত থাকবে।

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সফিকুল হক চৌধুরী এবং অধ্যাপক মইনউদ্দিন খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সফিকুল হক চৌধুরী চলতি মাসে উপদেষ্টা মনোনীত হওয়ার পর আশার পরিচালনা পরিষদের চেয়ারপারসনের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

আশা কর্মকর্তারা জানান, ২০০৭ সালে তারা পাঁচশ’টি নতুন শাখা খোলাসহ ৬ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা স্থির করেছেন। একই বছরে ১০ লাখ নতুন সদস্যকে ঋণসেবার আওতায় আনারও পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের ২৬৭৫টি শাখা রয়েছে।

এছাড়া আগামী বছরে মধ্যবিত্ত এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন উচ্চশিক্ষার সুবিধা দিতে চালু হবে আশা ইউনিভার্সিটি বালাদেশ (এএসএইউবি)।

আশার নির্বাহী ভাইস চেয়ারপারসন এনামুল হক সাংবাদিকদের বলেন, “সুদ কমানোর ফলে ২০০৭ সালেই সদস্যদের ১১০ থেকে ১২০ কেটি টাকা সাশ্রয় হবে বলে আমরা আশা করছি।”

তিনি আরো বলেন, “পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উচ্চ হারের সুদ এবং দুর্গম এলাকার দরিদ্রদের মাঝে সেবাদানের জন্য উদ্বৃত্ত তহবিল গড়ে তোলার কারণে এতদিন সুদ কমানো যায়নি।”

আশা কর্মকর্তারা জানান, ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ক্ষুদ্রঋণ গবেষণা কেন্দ্র ‘মাইক্রোফিন্যান্স ইনফরমেশন এক্সচেঞ্জ’ (এমআইএক্স) এর ১৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে আশাকে বিশ্বের সর্বশেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান মনোনীত করা হয়েছে।

কর্মকর্তারা আরো জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত তারা ৪৫ লাখ পরিবারের ৬৫ লাখ সদস্যের মাঝে ১৮হাজার ৩৫২ কোটি টাকা ঋণ বিতরণ করেছেন। আশার সদস্যদের মাঝে ৪০ লাখ হচ্ছেন দরিদ্র নারী বলেও কর্মকর্তারা জানান।