খেলাপি ঋণের তথ্য দিতে ২৪ ঘন্টা কাজ করবে ব্যাংক
রিটার্নিং অফিসারদের কাছে নির্বাচনের প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য সরবরাহ করতে সব ব্যাংকের ঋণসংক্রান্ত শাখা ২১ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে পরের দিন বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।
সূত্র জানিয়েছে, প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাইয়ের সময় ব্যাংকগুলোর কাছ থেকে খেলাপি ঋণের তথ্য জেনে নেওয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক জেলার রিটার্নিং অফিসারদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠানোর পর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর প্রতি ঋণসংক্রান্ত শাখা খোলা রাখার নির্দেশ দেয়।
জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে রিটার্নিং অফিসারদের কাছে চিঠি পাঠায়।
গণপ্রতিনিধি সংশোধন আইন ২০০১ অনুসারে ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না।
নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছুদের খেলাপি ঋণের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সব ব্যাংকের ঋণসংক্রান্ত শাখা এবং সিআইবি সেল ২১ ডিসেম্বর বিকেল ৫ টা থেকে ২২ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে খোলা রাখার আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বলা হয়েছে, “প্রত্যেক ব্যাংকের সিআইবি সংশ্লিষ্ট বিভাগ এবং তাদের অধীনস্থ সব শাখার সিআইবি সেল খোলা রাখতে হবে এবং রিটার্নিং অফিসার কোনও তথ্য কিংবা সহায়তা চাইলে তা দিতে হবে।”
নির্বাচন কমিশন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে ২১ ডিসেম্বর ।
