দেনার কারণে বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা হুমকির মুখে
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০১৫ সালের মধ্যে বাস্তবায়নের জন্য দাতা দেশ ও সংস্থাগুলোকে তাদের দেওয়া ঋণের পরিমাণ মওকুফ করতে হবে।
মঙ্গলবার রাজধানীতে ‘বৈদেশিক দেনা বাতিল এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি): প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশাসনের জন্য প্রচারাভিযান’ (সুপ্র) নেদারল্যান্ডসের ৪৫ টি সংস্থার জোট ‘জুবিলি নেদারল্যান্ডস’-এর সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ‘ঋণ ও বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক জুবিলি নেদারল্যান্ডসের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
আলোচকরা বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের প্রতিবছর ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। যা বর্তমান হারে পাওয়া বিদেশী সাহায্য ও ঋণের মোট পরিমাণের পাঁচ গুণ।
তাদের মতে, বিগত কয়েক বছরে বৈদেশিক দেনা পরিশোধ করতে বাংলাদেশের বার্ষিক গড়ে ৭১০ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। যার ফলে বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০০৩ সালে বৈদেশিক দেনা পরিশোধের পরিমাণ ছিল ৬৭২ মিলিয়ন ডলার, যা সরকারের স্বাস্থ্য খাতে ব্যয়ের (৪৯৬ মিলিয়ন ডলার) চেয়ে বেশি। আর এটা শিক্ষা খাতে ব্যয়ের (১ দশমিক ২ বিলিয়ন ডলার) দুই-তৃতীয়াংশ।
সুপ্রর চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে জাতিসংঘের মিলেনিয়াম ক্যাম্পেইন কর্মসূচির পরিচালক সলিল শেঠী অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
সলিল শেঠী বলেন, “ দাতা দেশগুলোর বাংলাদেশের ঋণ মওকুফ করার প্রক্রিয়ায় সহায়তা করা উচিত। অন্যথায় দেশটি যথাসময়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হবে।”
তিনি আরও বলেন, “সরকার বৈদেশিক ঋণ বা অনুদান সহায়তা প্রস্তাব নিয়ে সংসদে আলোচন করা প্রয়োজন এবং দরকার হলে তা নিয়ে জনগণের সঙ্গেও আলোচনা হতে পারে।”
অ্যাকশন এইড, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শোয়েব সিদ্দিকী বলেন, “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ কিছু সফলতা অর্জন করলেও, দেশটির কমপক্ষে ৭০ মিলিয়ন মানুষ এখন পর্যন্ত দারিদ্য্র সীমার নিচে বসবাস করছে।”
সুপ্রর চেয়ারম্যান বলেন, “ঋণ পরিশোধের জন্য প্রতিটি ডলার পরিশোধের অর্থ হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য একটি ডলার নষ্ট হওয়া।”
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ সাল থেকে ২০০৪ সালের মধ্যে বাংলাদেশের মোট দেনার পরিমাণ পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৪ সালে এসে বাংলাদেশের মোট দেনার পরিমাণ ২০ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী ১৯৮০ সাল থেকে ২০০৪ সালের মধ্যে বাংলাদেশের দ্বিপাক্ষিক ঋণ দ্বিগুণ হয়েছে, যার পরিমাণ বর্তমানে মোট ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। অন্যদিকে মোট বহুপাক্ষিক ঋণের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে তারা বহুপাক্ষিক দেনা মুক্তি কর্মসূচির (এমডিআরআই) জন্য নির্বাচিত করবে না। এর কারণ হিসেবে দেশটির দেনার বিপরীতে রপ্তানির হার বেশ ভালো বলে উল্লেখ করা হয়।
