গলদা চিংড়ির রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা
চলতি অর্থবছরে ইওরোপে গলদা চিংড়ি রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া যাবে বলে আশা করছেন রপ্তানিকারকরা।
এছাড়া এখন থেকে রপ্তানির আগে গলদা চিংড়িতে বিষাক্ত নাইট্রোফুরান আছে কিনা তা শনাক্তকরণের জন্য আনা যন্ত্রের মাধ্যমে গুণগত মান আরও ভালোভাবে নিশ্চিত করা যাবে বলেও আশা করছেন তারা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহ-সভাপতি মীর শাহাবুদ্দীন মোহাম্মদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রপ্তানিকারকরা এরই মধ্যে নাইট্রোফুরান শনাক্তকরণ যন্ত্র আমদানি করেছেন। এর দাম পড়েছে তিন কোটি টাকা। আগামী মাস থেকে এতে গলদা চিংড়ির গুণগত মান পরীক্ষা শুরু হবে।”
বাংলাদেশ হিমায়িত পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফএফইএ) সভাপতি মাকসুদুর রহমান বলেন, “এই যন্ত্র গলদা চিংড়িতে নাইট্রোফুরানের অস্তিত্ব খূঁজে বের করতে সক্ষম হওয়ায় এখন থেকে পণ্যের গুণগত মান রক্ষায় আমাদের সামর্থ্য বাড়বে।”
ইউরাপের দেশগুলো সম্প্রতি বাংলাদেশের রপ্তানিকারকদের নাইট্রোফুরানমুক্ত গলদা চিংড়ি পাঠানোর অনুরোধ করেছে। এই দেশগুলোই বাংলাদেশ থেকে চিংড়িসহ সবচেয়ে বেশি হিমায়িত মাছ আমদানি করে।
বিএফএফইএ সভাপতি বলেন, “এখন নাইট্রোফুরান পরীক্ষার খরচ ও সময়ের পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমবে। এর আগে রপ্তানিকারকরা সিঙ্গাপুর বা থাইল্যান্ডে এ পরীক্ষা করাতেন।”
“চলতি অর্থবছরে হিমায়িত খাদ্য রপ্তানি থেকে আমরা চার হাজার কোটি টাকা আয়ের আশা করছি। ১৯৭২ সালে এই খাত থেকে আয় ছিল মাত্র দুই কোটি ৭৬ লাখ টাকা।”
“উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিতে তার বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে পারে।”
তবে এর জন্য সরকারি সহায়তা প্রয়োজন বলে তিনি জানান।
রপ্তানির বিপরীতে নগদ ভর্তুকি না দেওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, দুই বছরে প্রায় ৩০০ কোটি টাকার ভর্তুকি আটকে রয়েছে।
এখন থেকে ইউরোপীয় আমদানিকারকদের এদেশের রপ্তানি প্রক্রিয়া পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো যাবে বলেও বিএফএফইএ সভাপতি আশা প্রকাশ করেন।
বিএফএফইএর পরিসংখ্যান অনুযায়ী, রপ্তানির জন্য সরকারি লাইসেন্স পাওয়া ৬৮টি প্লান্টের মধ্যে ৬০টির বিষয়ে ইউরোপীয় কমিশনের (ইইউ) অনুমোদন আছে।
ইপিবি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২১ শতাংশ বেশি হিমায়িত পণ্য রফতানি হয়েছে। এর পরিমাণ ১৫ কোটি ৩০ লাখ ডলার বা এক হাজার ২৫ কোটি ১০ লাখ টাকা।
সূত্র জানায়, বর্তমান সময়ে হিমায়িত পণ্যের রফতানি ও দাম অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় যথাক্রমে ১৮ দশমিক ৯৫ শতাংশ এবং পাঁচ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।
হিমায়িত পণ্য রপ্তানি খাত থেকে গত অর্থবছরে (জুলাই ২০০৫-জুন ২০০৬) ৪৫ কোটি ৯০ লাখ ডলার বা তিন হাজার ৭৫ কোটি ৩০ লাখ টাকা এবং ২০০৪-০৫ অর্থবছরে ৪০ কোটি ডলার বা দুই হাজার ৬৮০ কোটি টাকা আয় হয়েছে।
