২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট ব্যাংককে আন্ডারাইটারদের মধ্যে ২ লাখ অনিবন্ধিত শেয়ার বিতরণের নির্দেশ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সাউথইস্ট ব্যাংককে ১৮ ডিসেম্বরের মধ্যে আট আন্ডাররাইটারকে ২ লাখের বেশি অনিবন্ধিত শেয়ার সমানুপাতিক হারে বিতরণের নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 11:12 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সাউথইস্ট ব্যাংক আন্ডাররাইটারদের মোট ২ লাখ ২শ’ ৬৬টির মধ্যে মাত্র ৩০ হাজার শেয়ার বিতরণের উদ্যোগ নেওয়ায় এই নির্দেশ আসলো।

আট আন্ডাররাইটের একটি, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা যা পেয়েছি, তার মাত্র ১৫ শতাংশ তারা আমাদের দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু শেয়ার বিতরণ নীতিমালা ও চুক্তি অনুযায়ী ব্যাংক এটা করতে পারে না।”

গত সেপ্টেম্বরে ব্যাংকটি আইপিওর মাধ্যমে ১শ’ টাকার প্রিমিয়ামসহ বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে ১শ’ টাকা মূল্যের মোট ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ৬শ’ ৯৬ টি সাধারণ শেয়ার বাজারে ছাড়ে। ইস্যু করা মোট শেয়ারের দাম ২১১ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ২শ’ টাকা।

বাজারে ছাড়া মোট শেয়ারের মধ্যে ১ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪শ’ ৩০টি বিক্রি হয়। বাদবাকি ২ লাখ ২শ’ ৬৬ টি শেয়ার অবিক্রিত থাকে।

ব্যাংকের পরিচালনা পরিষদের বৈঠকে অবিক্রিত ১ লাখ ৭০ হাজার ২শ’ ৬৬টি শেয়ার ব্যাংকের শেয়ার গৃহীতা এবং কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে এবং বাকিগুলো আন্ডাররাইটারদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যাংকের এই পদক্ষেপ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এবং এসইসির শেয়ার ইস্যু নীতিমালা, ২০০৬ পরিপন্থী বলে কমিশনের নির্দেশে বলা হয়েছে।

এসইসি তাদের নীতিমালার কথা উল্লেখ করে ১৮ ডিসেম্বরের মধ্যে সাউথইস্ট ব্যাংককে এই শর্ত পূরণ করার নির্দেশ দিয়েছে।

আট আন্ডাররাইটার হলো বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ, ক্যাপিটাল মার্কেট সার্ভিস, ফিডিলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এক্সিম ব্যাংক, আইডিএলসি অব বাংলাদেশ এবং স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।