রাজনৈতিক অচলাবস্থায় শেয়ার বাজারে মন্দা
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নতুন করে চার উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পর ১৪ দলের কাছ থেকে আবারও বিরোধিতার সম্মুখীন হয়েছেন। আর এর প্রভাব পড়েছে ঢাকার শেয়ার বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন বাণিজ্য সংবাদদাতা সোহেল পারভেজ।
নতুন করে চার উপদেষ্টা নিয়োগ দেওয়া নিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সিদ্ধান্ত ১৪ দলের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হওয়ায় আবারও রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। আর এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।
বুধবার দেশের দুই শেয়ার বাজারেই মন্দা ভাব লক্ষ্য করা গেছে।
এ প্রসঙ্গে এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে বিনিয়োগকারীরা অস্বস্তি বোধ করেন। এ অবস্থা চলতে থাকলে শেয়ার বাজারেও নেতিবাচক প্রবণতা চলতে থাকবে।”
বুধবার ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক আগের দিনের তুলনায় ১৫ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে দাঁড়ায় ১৫৭০ দশমিক ২১ পয়েন্টে।
ডিএসই-২০ ব্লু-চিপ শেয়ার সূচক ১১ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১৩৬৭ দশমিক ৬৫ পয়েন্টে পৌঁছে।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১১ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ কমে দাঁড়ায় ১২৯৪ দশমিক ৮২ পয়েন্টে।
তবে ডিএসইর সার্বিক লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩৫ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। আগের দিন এর পরিমাণ ছিল ৩১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্যাংক ও সিমেন্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে।
বুধবার সিএএসপিআই বা সিএসই সার্বিক শেয়ার সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯২ শতাংশ কমে ৩৬৫৮ দশমিক ২৮ পয়েন্টে পৌঁছে।
সিএসই-৩০ শেয়ার সূচক ১ দশমিক শূন্য ৮ শতাংশ কমে। বাছাই করা শেয়ার সূচক সিএসসিএক্স কমে দশমিক ৯৪ শতাংশ।
তবে সিএসইর সার্বিক লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় আট কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা। আগের দিন এর পরিমাণ ছিল সাত কোটি ১১ লাখ ২০ হাজার টাকা।
বিদ্যুৎ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মৌলভিত্তির ভালো শেয়ারগুলো ছাড়াও বছরের শেষার্ধে এসে ব্যাংকগুলোতে লেনদেন বেশি হওয়ায় সিএসইর লেনদেন বাড়ে।
ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে অবস্থান করা কোম্পানিগুলোর মধ্যে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি), সাউথইস্ট ব্যাংক ও যমুনা ব্যাংক।
পিজিসিবি ও আইপিডিসি যথাক্রমে পাঁচ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ও তিন কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার লেনদেন করলেও এদের শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৩ শতাংশ ও ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে।
এছাড়া সাউথইস্ট ব্যাংক, যমুনা ব্যাংক ও বিআইএফসির শেয়ারের দাম কমেছে যথাক্রমে ২ দশমিক ৩৫ শতাংশ, দশমিক ৮৮ ও ৪ দশমিক ৯৪ শতাংশ।
দাম বাড়ার তালিকায় ছিল আলফা টোব্যাকো, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স ও পূরবী জেনারেল ইন্সুরেন্স।
দাম কমার তালিকায় ছিল তাল্লু স্পিনিং, আইডিএলসি ও শ্যামপুর সুগার।
ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৪৪টির দাম বাড়ে, ১০৫টির কমে এবং ৩৫টির দাম অপরিবর্তিত ছিল।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১৯টির দাম বাড়ে, ৪৭টির কমে এবং নয়টির দাম ছিল অপরিবর্তিত।
