২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে: আইএমএফ

অর্থনৈতিক খাতে সংস্কার অব্যাহত রাখা তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) মনে করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তত্ত্বাবধায়ক সরকারের নবনিযুক্ত অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমেদের সঙ্গে বৈঠকের পর আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিভাগের উপদেষ্টা টমাস রামবাউ সাংবাদিকদের বলেন, “চলমান সংস্কার প্রক্রিয়ার কাজ চালিয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

রামবাউ বলেন, “এটা একটি সৌজন্য সাক্ষাত। আমি এখানে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।”

ড. আকবর আলি খানের স্থলাভিষিক্ত শোয়েব আহমেদকে মঙ্গলবার অর্থ, পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

রামবাউ বলেন, “আমরা তাঁর সাফল্য কামনা করি।”

এক প্রশ্নের জবাবে বাংলাদেশে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জোনাথন ডান বলেন, “দারিদ্র বিমোচন প্রবৃদ্ধি সুবিধা (পিআরজিএফ) কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় এখনো হয়নি।

“এই অর্থ ছাড়ের জন্য আইএমএফ পরিচালনা বোর্ডের অনুমোদন প্রয়োজন”।

পিআরজিএফ এর ষষ্ঠ কিস্তির ৯৮ দশমিক ৫ মিলিয়ন ডলারের অর্ধেক অর্থ ছাড় করা হবে বলে এর আগে গত মাসে আইএমএফ ঘোষণা দিয়েছিল।

পিআরজিএফ কর্মসূচির অধীনে পরবর্তী নতুন ঋণ সহায়তা পাওয়ার জন্য আইএমএফ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়নের শর্ত নির্ধারণ করে দেয়।

এর মধ্যে রয়েছে রূপালী ব্যাংক ও বাদবাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বেসরকারিকরণ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটগুলোকে শক্তিশালী করা, কর সংগ্রহের পরিমাণ বৃদ্ধি ও নিরীক্ষা (অডিট) প্রক্রিয়ার উন্নয়ন।

ড. শোয়েব আহমেদ পরে সাংবাদিকদের বলেন, “নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার জন্য কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন।”

এছাড়া চলমান সংস্কার প্রক্রিয়ার গতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলেও সাবেক সচিব মন্তব্য করেন।