ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার
বিদ্যুৎ, ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানির ‘মৌল ভিত্তি’র ওপর নির্ভর করে একদিন পর মঙ্গলবার আবার শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে।
তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সোমবারের ৫৬ কোটি ৬১ লাখ ৪০ হাজার থেকে ৩১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকায় নেমে আসে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মোট লেনদেন ১৫ কোটি ১৩ লাখ ৫০ হাজার থেকে সাত কোটি ১১ লাখ ২০ হাজার টাকায় নেমে আসে।
এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, “রাজনীতির মাঠে অনিশ্চয়তা রয়েছে। কিন্তু বাজার ভিত্তি যথেষ্ট ভালো থাকায় তা শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে।”
চার উপদেষ্টার পদত্যাগের খবরে সোমবার বাজার পরিস্থিতি খারাপ ছিল বলে তিনি জানান।
তিনি বলেন, “সবকিছুর একটা শেষ আছে।”
রাষ্ট্রপতি একক সিদ্ধান্তে সেনাবাহিনী মোতায়েন করার পর চার উপদেষ্টা ১১ ডিসেম্বর পদত্যাগ করেন।
ডিএসই সাধারণ সূচক মঙ্গলবার ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বা এক দশমিক ১৮ শতাংশ বেড়ে এক হাজার ৫৮৫ দশমিক ৩৯ এ দাঁড়ায়।
ভালো মানের ডিএসই-২০ সূচক ১৬ দশমিক ৪৩ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৭৯ দশমিক ৬৩ এ।
ডিএসই সার্বিক সূচক ১৪ দশমিক ৭৮ পয়েন্ট বা এক দশমিক ১৪ শতাংশ বেড়ে এক হাজার ৩০৬ দশমিক ৬৭ এ দাঁড়ায়।
সিএসইতে সিমেন্ট ও ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার ওপর ভিত্তি করে সার্বিক সূচক দশমিক ৭৩ শতাংশ বেড়ে তিন হাজার ৬৯২ দশমিক ৫৯ এ দাঁড়ায়।
ভালো মানের শেয়ার সিএসই-৩০ এর দাম দশমিক ৭১ শতাংশ বাড়ে। বাছাই সূচক বাড়ে দশমিক ৮১ শতাংশ।
আগের দিনের মতোই শেয়ার বাজারে প্রাধান্য ছিল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিদুৎ খাতের কোম্পানিগুলোর শেয়ারের।
ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন (বিআইএফসি) ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি)।
কোম্পানি তিনটির মোট লেনদেন যথাক্রমে তিন কোটি ৩৪ লাখ ৭০ হাজার, দুই কোটি ৭১ লাখ ২০ হাজার ও দুই কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা।
এর মধ্যে প্রথম দুটি কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ১৩ শতাংশ বাড়ে। তবে শেষটির দাম দশমিক ৬৪ শতাংশ কমে।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয় যমুনা ব্যাংক, ডেসকো, সাউথইস্ট ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রাইম ব্যাংকের শেয়ারের। এদের প্রত্যেকটির দাম বাড়ে।
এর মধ্যে সবচেয়ে বেশি বাড়ে বিআইএফসি, জনতা ইন্সুরেন্স ও লঙ্কাবাংলার শেয়ারের দাম।
সবচেয়ে বেশি লোকসান দেয় মেঘনা পেট, শ্যামপুর সুগার ও জার্মান বাংলা ফুড।
ডিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি শেয়ারের মধ্যে ১১৯টির দাম বাড়ে, ৪৩টির কমে ও ২৫টির দাম ছিল অপরিবর্তিত।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ৮০টি শেয়ারের মধ্যে ৫৩টির দাম বাড়ে, ১২টির কমে ও ১৫টির দাম ছিল অপরিবর্তিত।
