বাণিজ্য মেলা জমছে, বাড়ছে স্পট অর্ডার
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ধীরে ধীরে জমে উঠছে বাণিজ্য মেলা। ভিড় বাড়ছে ক্রেতা-বিক্রেতার। বিদেশি আমদানিকারকরাও মেলায় বিভিন্ন বাংলাদেশী পণ্য কেনার ‘স্পট অর্ডার’ দিচ্ছেন।
১২ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরুতেই বিরোধীদলের অবরোধ ও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসুচি থাকলেও শুক্র শনিসহ গত তিনদিনে ধীরে ধীরে দর্শক বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ’র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “প্রথম পাঁচ দিনের তুলনায় দর্শক সংখ্যা এখন অনেক বেশি।”
এটি একটি ভালো লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, “এতে করে দেশি রপ্তানিকারকরা পণ্যের গুণাগুণ তুলে ধরে বিদেশি আমদানিকারকদের পণ্য কিনতে উৎসাহিত করতে পারবেন।”
মেলায় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ এর মার্কেটিং কর্মকর্তা মো. মামুন জানালেন, “রোববার থাইল্যান্ডের একটি কোম্পানীর কাছ থেকে তারা ১২০০০ বর্গ ফুটের স্পট অর্ডার পেয়েছেন।”
রাজশাহী সিল্ক কর্ণার এর স্বত্বাধীকারী জাহাঙ্গীর আলম জানালেন, শনিবার ভারতীয় একটি প্রতিষ্ঠান তাদের কাছে ২৫০ পিস সিল্ক শাড়ির অর্ডার দিয়েছে।
হস্তজাত শিল্পের প্রতিষ্ঠান বনানী টেক্সটাইলের কবীর জানালেন, রোববার সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান ১৫০ মিটার থান কাপড়ের অর্ডার দিয়েছে।
ইপিবির তদন্ত অফিসার গোলাম সামদানী জানান, মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬০ শতাংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্থানীয় পণ্যের রফতানিকারক। এছাড়াও রপ্তানিযোগ্য স্থানীয় পণ্যের দিকে দেশি বায়ারদের ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে।
মেলা ঘুরে তৈরি পোশাক, জুয়েলারী, কসমেটিকস ও রেস্টুরেন্টে দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা গেছে। এছাড়া ভিড় ছিলো ইরানি জুয়েলারী ও কার্পেটের দোকানগুলোতেও।
টিকেট কাউন্টারের আয়োজকরা জানান, শুক্র এবং শনিবার মেলায় দর্শনার্থী ও বিদেশি ক্রেতাদের প্রচুর ভিড় ছিল।
শনির আখড়া থেকে মেলায় ঘুরতে আসা মিসেস শারমিন বলেন, “গতবারের তুলনায় এবার প্রচুর আকর্ষণীয় জিনিসপত্র উঠেছে। তবে দাম একটু বেশি।”
মিরপুরের শাহিনা কবীর মেলার টয়লেট সম্পর্কে অভিযোগ করে বলেন, “প্রতিবছর এত ধূমধাম করে মেলার আয়োজন করা হয়। অথচ কর্তৃপক্ষ পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা করতে পারলো ন্।া”
এ বিষয়ে ইপিবির তদন্ত অফিসার গোলাম সামদানী বলেন, “প্রতিবার টয়লেট ইজারাদারদের দায়িত্বে থাকে। তবে এবারে সিটি করপোরেশন দায়িত্ব নিয়েছে।”
গ্রামীণ চেকের প্যাভিলিয়ন রোববার ছিল দর্শক-ক্রেতার ভিড়ে পরিপূর্ণ। বিশেষ করে শিশু ও যুবকদের ব্যাপক ভিড় ছিল লক্ষনীয়। ক্রেতাদের অধিকাংশই নোবেল শান্তি পুরস্কার জয়ী ড. মুহম্মদ ইউনূস ব্যবহৃত ডিজাইনের ফতুয়া খুঁজছেন।
ইপিবি জানায়, এবারের মেলায় বাংলাদেশের সঙ্গে কান্ট্রি পার্টনার মালয়েশিয়া।
এবার বাইরের দেশের অংশগ্রহণ তুলনামূলক কম। গত বছর ১১টি দেশের প্রতিষ্ঠান মেলায় অংশ নিলেও এবার সাতটি দেশের ৫১টি সংস্থা অংশ নিয়েছে। দেশগুলো হলো ভারত, ইরান, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মালয়েশিয়া।
