২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসে একটেল এর রাজস্ব বেড়েছে ৩৪ শতাংশ

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর একটেল-এর রাজস্ব তিন মাসের মধ্যে ৩৪ শতাংশ বেড়ে ২২০ কোটি থেকে ২৯৫ কোটি টাকায় পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 10:36 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

কোম্পানির সাম্প্রতিক ত্রৈমাসিক অডিট রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়।

ম্যানেজার (একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানির গড় আয় গ্রাহকপ্রতি পোস্ট-পেইডে ১৫০০ টাকা ও প্রি-পেইডে ৩০০ টাকায় দাঁড়িয়েছে।”

একটেল-এর কোঅর্ডিনেশন অ্যান্ড রেগুলেটরি বিভাগের পরিচালক, ফজলুর রহমান জানান, “বাংলাদেশে মোবাইল কলরেট দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। প্রতিবেশী ভারতে কলরেট বাংলাদেশের চেয়ে কিছু বেশি অথবা সামান্য কম।”

২০০৭ সালের মার্চ মাসে ওয়ারিদ টেলিকম বাংলাদেশের বাজারে আসলে মোবাইল কোম্পানিগুলোর মধ্যে আবারো কলরেট কমানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বলে তিনি জানান।

গ্রাহকদের কলরেট কমিয়ে ডাটা সার্ভিসসহ অন্যান্য সেবা প্রদানের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “একটেল হয়তো দেশের প্রতিযোগিতামূলক বাজারে প্রথম হতে পারবে না। কিন্তু গ্রাহকদের আস্থা অর্জনের ক্ষেত্রে অবশ্যই সেরা হবে।”

মাসুদুর রহমান বলেন, তাদের বর্তমান গ্রাহক সংখ্যা ৪৩ লাখ। গত বছরে তালিকাভুক্ত ২১ লাখ গ্রাহক থেকে ১০৬ শতাংশ বেড়ে এ সংখ্যায় পৌঁছেছে।

তিনি বলেন, একটেলের বর্তমান বেইজ স্টেশন ২৫৬৩ টি। বর্তমানে এ কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় ২,৭৪৪ কোটি টাকা।